দুধেই বিষ! অন্ধ্রপ্রদেশে ভেজাল কাণ্ডে মৃত ১৩, গ্রামে জরুরি স্বাস্থ্যশিবির
অন্ধ্রপ্রদেশে ভেজাল দুধকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিষাক্ত দুধ পান করার পর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আরও অন্তত ৭ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পূর্ব গোদাবরী জেলার কয়েকটি গ্রামে। ঘটনার পরেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসেছে ও আক্রান্ত এলাকায় জরুরি ভিত্তিতে স্বাস্থ্যশিবির চালু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার লালাচেরুভুর ও স্বরূপনগর এলাকায় পরপর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। গ্রামবাসীদের দাবি, বাড়ি বাড়ি যে দুধ সরবরাহ করা হচ্ছিল, তা পান করার পরই বহু মানুষ বমি ও তীব্র পেটব্যথার সমস্যায় ভুগতে শুরু করেন। প্রথম সন্দেহ তৈরি হয় গত ২২ ফেব্রুয়ারি, যখন কয়েক জন প্রবীণ বাসিন্দাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে হয়।

চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে, আক্রান্তদের রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি বিষক্রিয়ার লক্ষণ হতে পারে। প্রাথমিক তদন্তে প্রশাসনের ধারণা, দুধেই মিশেছিল কোনও ক্ষতিকর উপাদান, যা থেকে এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, এলাকার একটি ডেয়ারি ফার্ম থেকেই আশপাশের প্রায় ১০৬টি পরিবারে দুধ সরবরাহ করা হত। সেই দুধ থেকেই বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যে ওই ডেয়ারি ফার্ম থেকে দুধ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
পরিস্থিতি সামাল দিতে আক্রান্ত এলাকায় স্বাস্থ্য দপ্তর জরুরি চিকিৎসাশিবির চালু করেছে। গ্রামে পাঠানো হয়েছে চিকিৎসক ও নার্সদের দল। শিবিরে একটি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে, যাতে কারও শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে পাঠানো যায়।
একই সঙ্গে পরিস্থিতির উপর নজরদারির জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি র্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। এই টিমে জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি মাইক্রোবায়োলজিস্ট, শিশুরোগ বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞ, নেফ্রোলজিস্ট ও মহামারি বিশেষজ্ঞদেরও রাখা হয়েছে। ইতিমধ্যেই ওই ডেয়ারি ফার্মে গিয়ে দুধ, পনির, ঘি, পানীয় জল সহ ভিনিগারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন তাঁরা।
প্রশাসনের দাবি, ঘটনার প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে, পাশাপাশি রিপোর্ট হাতে এলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এলাকাবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে।












Click it and Unblock the Notifications