যুদ্ধের উসকানি দুই প্রান্তে! লাদাখে অস্থিরতার মাঝেই 'কাশ্মীর প্ল্যান' বাস্তবায়নের চেষ্টা পাক সেনার
ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর এবং কিরনি সেক্টরে পাকিস্তান সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে। সকাল সাড়ে ন'টায় ছোটো অস্ত্র দিয়ে হামলা করে পাকিস্তান। ভারতীয় সেনা পালটা জবাব দেয়।

কাশ্মীর সীমান্তে বারংবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন
লাদাখ সীমান্তে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ভারত ও চিনের মধ্যে। এরই মধ্যে কাশ্মীর সীমান্তে বারংবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। এরই মাঝে কাস্মীরে বেড়েছে জঙ্গি তৎপরতা। আর এরই মাঝে জানা গিয়েছে, গিলগিট-বালতিস্তানে প্রায় ২০ হাজার বাড়তি সেনা পাঠিয়েছে পাকিস্তান। লক্ষ্য, চিনা বাহিনীকে সহায়তা প্রদান করা।

নওগাঁও সেক্টরে মর্টার হামলা
৩০ জুন সকালে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়েছিল পাকিস্তান। কাশ্মীর উপত্যকার নওগাঁও সেক্টরে মর্টার ও অন্যান্য অস্ত্র দিয়ে হামলা চালায় পাকিস্তানি সেনা। একইভাবে ২৫ জুন জম্মু-কাশ্মীরের মাচিল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার শেল বর্ষণ করে পাকিস্তানি সেনা। গত তিন সপ্তাহ ধরে বারবার পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের অনুপ্রবেশে যাতে সুবিধা হয় তার জন্য পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে মনে করছেন নিরাপত্তা আধিকারিকরা।

৩১৬৮ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের
সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখায় কড়া নজরদারি চলছে। পাকিস্তানকে পালটা জবাব দেওয়া হয়েছে। জঙ্গিদের অনুপ্রবেশ আটকে দিয়েছে নিরাপত্তাবাহিনী। চলতি বছরের এপ্রিল, মে ও জুন মাসে যথাক্রমে ৩৮৭, ৩৮২ ও ৩০২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান । গত বছর এই সময় সংখ্যাটা ছিল যথাক্রমে ২৩৪, ২২১ ও ১৮১। ২০১৮ সালের এপ্রিল, মে ও জুন মাসে যথাক্রমে ১৭৬, ১০৪ ও ১৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। ২০১৯-এ সারা বছরে ৩১৬৮ বার এবং ২০১৮-তে ১৬২৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান। এবছর ছ'মাসের মধ্যে ২২১৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনা।

লাদাখে চিন চাপ বাড়াচ্ছে
এদিকে পূর্ব লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর ২০ হাজার সেনা মোতায়েন করেছে চিনের পিপল'স লিবারেশন আর্মি৷ তবে, ভারতের উদ্বেগ বাড়াচ্ছে জিনজিয়াংয়ে মোতায়েন চিনের ১০-১২ হাজার সেনা৷ এই পরিস্থিতিতে এবার লাদাখ পরিদর্শনে যাচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান মুকুন্দ নারভানে। শুক্রবারই তাঁরা লাদাখে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

দুই দিক দিয়ে শত্রুপক্ষ ঘিরে ধরেছে ভারতকে
দুই দিক দিয়ে শত্রুপক্ষ যখন ঘিরে ধরেছে ভারতকে, তখন প্রস্তুতির খামতি নেই সেনার তরফেও। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিন সেনা সমারোহ বাড়ার সঙ্গেই ভারতও কিন্তু সমরসজ্জা শুরু করে দিয়েছে। সেনা বাহিনীর তিনটি ডিভিশনকে মোতায়েন করে, ভারতও শক্তি বাড়িয়েছে সেখানে। লাদাখের পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবরও কড়া নজরদারি শুরু করেছে ভারতীয় সেনা।

চিনা-পাক সেনার জন্য ভারতের প্ল্যান
পাকিস্তান ও চিন একসঙ্গে ভারতের উপর হামলা চালালে তার জন্য সেনা 'কন্টিনডেন্সি ৩' প্ল্যান তৈরি করে রেখেছিল ২০১৪ সাল থেকেই। দুই তরফে যুদ্ধের সম্ভাবনা কম থাকলেও তা কখনই উড়িয়ে দেওয়া যায় না। আর এর জেরেই কাশ্মীরেও এবার সেনা বাড়াতে শুরু করেছে ভারত।












Click it and Unblock the Notifications