বাংলা সহ বহু রাজ্যের ভোটে ধাক্কার পর কর্মীদের উদ্দেশে বড় পরামর্শ বিজেপি হেভিওয়েটের, উঠল 'সমাজসেবা' প্রসঙ্গ
বাংলা সহ একাধিক রাজ্যের ভোটে ধাক্কার পর বিজেপি কর্মীদের উদ্দেশে তাবড় পরামর্শ দলের হেভিওয়েটের
শুধু পশ্চিমবঙ্গ বিধানসভাই নয়, উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনেও কার্যত বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। যদিও পরিসংখ্যানের বিচারে বাংলায় ২০১৬ সালের তুলনায় ২০২১ বিধানসভা ভোটে বিজেপির চরম উত্থান পরিলক্ষিত হয়েছে। বাংলারয় ১০০ র গণ্ডি পেরোতে না পারার আফসোস এখনও গেরুয়া মহলে ঘোরাফেরা করছে। এমন পরিস্থিতিতে সমালোচকদের দাবি, ভোটের শেষ ৫ দফায় কোভিড পরিস্থিতি দেশে সংকটজনক হতেই তা বিজেপিকে পিছনে ঠেলে দিয়েছে। এদিকে সেই জায়গা থেকে এবার বিজেপির হেভিওয়েট নীতিন গড়করি দিলেন তাবড় বার্তা।

নাগপুরে কর্মীদের উদ্দেশে বড় বার্তা
' সমাজসেবাকে রাজনীতিকরণ করবেন না। শুধু মাত্র আপনার করা ভালো কাজই দলকে ও কর্মীদের কৃতিত্ব দেবে।' নাগপুরে পার্টির কর্মীদের উদ্দেশে এমনই বার্তা দেন বিজেপির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।

'মানসিকতা ভালো থাকুক, খারাপের জন্য প্রস্তুত হন'
এক ভার্চুয়াল সভায় কর্মীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে নীতিন গড়করি বলেন, 'মানসিকতা ভালো থাকুক, খারাপের জন্য প্রস্তুত হন '। সাফ জানান, কোভিড পরবর্তী সময়ে দেশ কোনদিকে যেতে চলেছে , তা কেউ জানে না। ফলে খারাপের জন্য মানসিক প্রস্তুতি নিয়েই এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন এই হেভিওয়েট বিজেপি নেতা।

ধর্মভেদে সমাজসেবা
'আমাদের সমাজের সঙ্গে দাঁড়াতে হবে। একই সঙ্গে গরীবদের কথা ভাবতে হবে তাঁদের ধর্ম, জাতি, বা পার্টির ভেদাভেদ না দেখে। যা আগামীতে ফল দেবে বিজেপিকে এই ভালো কাজের দ্বারা।' এই ভাবেই পার্টি কর্মীদের উদ্দেশে বার্তা দেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত সামনেই উত্তর প্রদেশ নির্বাচন সহ একাধিক রাজ্যে ২০২২ সালে বিধানসভা ভোট রয়েছে। বাংলার স্বপ্ন হাতছাড়া হতেই বিজেপি ক্রমাগত ফোকাস বাড়াতে শুরু করেছে এই সমস্ত রাজ্যে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মতো রাজ্যে গোমাংস, সিএএ, সহ একাধিক ইস্যু বেশ প্রাসঙ্গিক হয়েছে। সেই জায়গা থেকে পার্টিগত ও ধর্মীয় ভেদাভেদ ভুলে বিজেপি কর্মীদের উদ্দেশে নীতিন গড়করির এই বিশেষ বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।

'আগে নিজে পরুন মাস্ক'
এদিন কর্মীদের উদ্দেশে করোনা পরিস্থিতিতে অপরে সাহায্য করার কথা বলেন নীতিন গড়করি। সাফ জানান, অন্যকে মাস্ক পরতে বলার আগে বিজেপি কর্মীরা যেন নিজেরা মাস্ক ব্যবহার করেন। আর এই ভাবে জনসচেতনতা গড়ে তুলে সমাজিক উন্নয়ন করতে হবে।












Click it and Unblock the Notifications