ভারত-চিন দ্বন্দ্বে নয়া মোড়! ভারত মহাসাগরের অতলে চিনা ড্রোনের দেখা মেলায় তীব্র চাঞ্চল্য
ভারত-চিন দ্বন্দ্বে নয়া মোড়! ভারত মহাসাগরের অতলে চিনা ড্রোনের দেখা মেলায় তীব্র চাঞ্চল্য
করোনা আবহের মাঝেই লাদাখ সীমান্তে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় ভারত ও চিনের মধ্যে। লাল ফৌজের আগ্রাসনে যুদ্ধের আবহ তৈরি হলেও নিজেদের দোষ ঢাকার কোনো কসুরই ছাড়েনি জিনপিং সরকার। সম্প্রতি আর এককাঠি উঠে চিন সরকারের নবতম পদক্ষেপে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ব-রাজনীতিতে। সূত্রের খবর, ভারতের উপর নজরদারি চালানোর জন্য ভারত মহাসাগরে একগুচ্ছ ড্রোন নামিয়েছিল চিন।

কোন উদ্দেশ্যে ড্রোন নামিয়েছিল চিন ?
নৌসেনা সম্পর্কিত তথ্য আহরণের জন্য মহাসাগরের গভীরে 'এন মাসে' নামক ইউইউভি ড্রোন নামিয়েছিল জিনপিং সরকার, এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা বিশ্লেষক এইচআই সুত্তন। তাঁর মতে, ২০১৯-এর মধ্য ডিসেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারির মধ্যে প্রায় ৩,৪০০ তথ্য তুলে এনেছে এই ড্রোনবাহিনী। জানা গেছে, ২০১৬ সালে বেজিং যে মার্কিন ড্রোন উদ্ধার করেছিল, এগুলিও একই প্রকারের।

দীর্ঘ সময়ের জন্য নামানো হয় ড্রোন
সুত্তনের মতে, চিনের এই ড্রোনগুলি লম্বা ডানাযুক্ত নয় অর্থাৎ এগুলি দীর্ঘ সময়ের জন্য ব্যবহৃত হয়েছিল। যদিও ভারত মহাসাগরে নামানো ১৪টি ড্রোনের মধ্যে ১২টির ব্যবহার হয় বলে জানান তিনি। বিশেষজ্ঞদের মতে, চিন সরকার জানায় এই ড্রোনগুলি মূলত সমুদ্রবিজ্ঞান সংক্রান্ত কার্যের জন্য ব্যবহৃত হবে, যদিও সুত্তনের মতে জিনপিংয়ের আসল লক্ষ্য অনেক দেশের কাছেই পরিষ্কার এখন।

তৈরি হচ্ছে নতুন সংঘাতের আবহ
ভারত মহাসাগরে ক্রমবর্ধমান দ্বন্দ্বের বিষয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছেন, "ভারত মহাসাগরে দুই প্রতিবেশী দেশের মধ্যে সমস্যা ক্রমেই বাড়ছে। প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে চিনের আগ্রাসনের কারণে সমস্যা বাড়ছে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও।" সেনার অন্যান্য আধিকারিকদের মতে, লাদাখ পরিস্থিতি শীতল হওয়ার আগেই যেভাবে চিনের অন্যান্য কার্যকলাপের বিষয়ে তথ্য মিলছে, তাতে আবহাওয়া উত্তপ্ত হওয়ার সম্ভাবনাই প্রবল।

কী বলছেন ভারতের বিপিন রাওয়াত ?
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের বক্তব্য, "প্রযুক্তি সর্বদা উন্নতির কাজে ব্যবহৃত হওয়া উচিত। কিন্তু কিছু দেশ যেভাবে প্রযুক্তির শক্তিকে ধ্বংসের কাজে লাগাচ্ছে, তাতে চিন্তিত প্রত্যেকেই।" সেনাধ্যক্ষদের মতে, বর্তমানে ভারত-প্রশান্ত মহাসাগরে বাড়ন্ত প্রতিরক্ষা সংক্রান্ত সমস্যার সঙ্গে লড়াই করতে ভারতের প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। যদিও করোনা আবহে প্রতিরক্ষার উপর জোর দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন দু'দেশেরই রাজনৈতিক বিশ্লেষকরাই।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications