ভোটের আগেই নতুন মোড় পাঞ্জাবের রাজনীতিতে? ক্যাপ্টেনের অপসারণের দাবিতে বিদ্রোহ ৩০ নেতা-মন্ত্রীর
ভোটের আগেই নতুন মোড় পাঞ্জাবের রাজনীতিতে? ক্যাপ্টেনের অপসারণের দাবিতে বিদ্রোহ ৩০ নেতা-মন্ত্রীর
বিধানসভা ভোটের আগেই রোজই নিত্য নতুন মোড় দেখা যাচ্ছে পাঞ্জাবের রাজ্য-রাজনীতিতে। দলের রাজ্য সভাপতি নভজ্যোৎ সিং সিধু বনাম মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং শিবিরের মধ্যে ফাটল ক্রমসই চওড়া হচ্ছে। এমতাবস্থায় এবার সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে কংগ্রেস হাইকামান্ডের দ্বারস্থ হলেন ৩০ জন বিদ্রোহী বিধায়ক। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে কংগ্রেস।

আসল ঘটনার সূত্রপাত কোথায়
প্রসঙ্গত উল্লেথ্য, দলের রাজ্য সভাপতি নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে তাঁর সম্পর্ক মোটেই ভালো নয় অমরিন্দরের। এমনকী সিধুর পাঞ্জাব কংগ্রেসের প্রধান হওয়ার ব্যাপারেও অমরিন্দরের সায় ছিল না বলেই মত ওয়াকিবহাল মহলের। কিন্তু দিল্লির নেতাদের কাছের পাত্র হওয়ার কারণেই নাকি ওই পদ পান সিধু। আর তাতেই শুরু থেকে চটেছিলেন ক্যাপ্টেন। অন্যদিকে পক্ষে থাকা দলীয় বিধায়কদের নিয়ে দীর্ঘদিন থেকেই পায়ের তলার মাটি শক্তি করছিলেন সিধুও। এবার খেলতে শুরু করেছেন ঝড়ো ইনিংস।

কেন উঠছে ক্যাপ্টেনের পদত্যাগের দাবি
এদিকে আগামী বছরে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন৷ নির্বাচনী দামামা বাজতেই সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কোমর বেঁধে মাঠে নেমেছে শাসক বিরোধী সব দলই৷ এমতাবস্থায় দলীয় গোষ্ঠী কোন্দলে কংগ্রেসের উপর চাপ যে বাড়বে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে বিদ্রোহী নেতাদের অভিযোগ মুখে কাজের কথা বললেও বাস্তবে কোনও কাজই করেন না অমরিন্দর। আর তাই অযোগ্য কোনো ব্যক্তিকে তারা মুখ্যমন্ত্রীর পদে দেখতে চান না।

অমরিন্দরকে সরানোর দাবিতে বৈঠকে বিদ্রোহী নেতাদের দল
অন্যদিকে অমরিন্দরকে সরানোর ঘুঁটি সাজাতে মঙ্গলবার পাঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা তৃপ্ত রাজিন্দর সিং বাজওয়ার বাড়িতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের বিদ্রোহী বিধায়করা। তালিকায় রয়েছে সিধু ঘনিষ্ঠ একাধিক মন্ত্রীও। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা জ্ঞাপন করে তাঁকে পদ থেকে সরানোর দাবি তুলেছেন প্রত্যেকেই। যা নিয়ে উত্তাল পাঞ্জাবের রাজ্য-রাজনীতি। যদিও মুখ্যমন্ত্রীর অপসারণ ইস্যুতে রাজিন্দর সিংয়ের বাড়িতে চলা বৈঠকে আবার দেখা যায় নি সিধুকে। যা নিয়েও নতুন করে জলঘোলা হচ্ছে।

দিল্লি রওনা হয়েছেন পাঁচ মন্ত্রী
এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে সরানোর দাবিতে ইতিমধ্যেই রাজ্যের পাঁচ মন্ত্রী ও পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পরগত সিং দিল্লি রওনা দিয়েছেন৷ দেখা করবেন সোনিয়া গান্ধীর সঙ্গে। সেখানেই নতুন করে জানাবেন তাদের ক্ষোভের কথা। এদিকে দলের ছয় নেতা ছাড়াও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পরগত সিং ও পাঁচ মন্ত্রী শীঘ্রই দিল্লি যাবেন বলে শোনা যাচ্ছে। এমতাবস্থায় ভোটের আগে পাঞ্জাবের রাজনীতিতে নতুন কি মোড় দেখা যায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications