শহর জুড়ে গাড়িবোমা বিস্ফোরণ ঘটাবে পাকিস্তানি জঙ্গিরা, পুলিশের কাছে মেসেজ আসতেই মুম্বইয়ে জারি হাই অ্যালার্ট
অনন্ত চতুর্দশীতে মুম্বইয়ে বিস্ফোরণ ঘটানো হবে। পাকিস্তান থেকে আসা জঙ্গিরা মুম্বইজুড়ে এরকমই বোমা হামলার হুমকি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার মুম্বই পুলিশ তৎপরতা শুরু করেছে। ট্রাফিক পুলিশের দফতরের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকি বার্তাটি এসেছে। সেখানে বলা হয়েছে যে ৬ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশীর দিনে মুম্বইয়ে বোমা বিস্ফোরণ করানো হবে।
হুমকি বার্তায় দাবি করা হয়েছে, মুম্বইয়ের ৩৪টি গাড়িতে মানববোমা স্থাপন করা হয়েছে এবং বিস্ফোরণে শহর "কেঁপে উঠবে"। পুলিশ জানিয়েছে, মেসেজ প্রেরক নিজেদের "লস্কর-ই-জিহাদি" হিসাবে পরিচয় দিয়েছে এবং দাবি করেছে যে ১৪ জন পাকিস্তানি জঙ্গি ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছে। হুমকিতে আরও বলা হয়েছে যে ৪০০ কেজি আরডিএক্স দিয়ে বিস্ফোরণ ঘটানো হবে। এতে "এক কোটি মানুষের" প্রাণহানি হতে পারে।

যদিও একজন ঊর্ধ্বতন মুম্বই পুলিশের কর্মকর্তা হুমকিটি ভুয়ো বলেই মনে করছেন। তবে শহরজুড়ে সতর্কতামূলকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ সব দিক থেকে বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তর খোঁজ চলছে।
মুম্বইয়ে দশ দিনের গণেশ উৎসব উদযাপনের মাঝেই এই হুমকি এসেছে। পুলিশ বাধ্য হয়ে উৎসবের শেষ দিন শনিবারে শহরের রাস্তায় জড়ো হওয়া লক্ষ লক্ষ মানুষের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে।
একজন আধিকারিক জানিয়েছেন, গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালানো হচ্ছে। পুলিশ মুম্বইকরদের গুজবে বিশ্বাস না করতে এবং কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখলেই খবর দিতে অনুরোধ করেছে।
এর আগে বেশ কয়েকবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে মুম্বইয়ে। তাছাড়া সাম্প্রতিক সময়েও কখনও স্কুলে, কখনও রেল স্টেশন এমনকী বিমানবন্দরেও বোমা হামলার ভুয়ো হুমকি দেওয়া হয়েছে। ফলে মুম্বই পুলিশ সতর্ক হয়েই পরিস্থিতি মোকাবিলার নেমেছে।












Click it and Unblock the Notifications