Mizoram Election 2023: মার্ভেলাস মিজোরাম তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি! প্রচারের শেষ দিনে বললেন মোদী
Mizoram Assembly Election 2023: মার্ভেলাস মিজোরাম তৈরিতে প্রতিশ্রুতি বদ্ধ বিজেপি। প্রচারের শেষ দিনে ভিডিও বার্তায় এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত ৭ নভেম্বর মিজোরামের ৪০ টি আসনে বিধানসভা নির্বাচন। ওই দিনই ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত ২০ টি আসনে প্রথম দফার নির্বাচন রয়েছে।
প্রচারের শেষ দিনে উত্তর-পূর্বের ছোট রাজ্যের জনগণকে সম্বোধন করে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মিজোরামের রেল, স্বাস্থ্য, ক্রীড়া-সহ বিভিন্ন পরিকাঠামো উন্নতির জন্য পদক্ষেপ নিয়েছে।

ভিডিওবার্তায় তিনি বলেছেন, মিজোরাম প্রকৃতি ও সংস্কৃতি সমৃদ্ধ। পরিকাঠামোর উন্নতির সঙ্গে এটি একটি বিশ্বের পর্যটন কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যা হলে রাজ্যের ব্যবসা বাণিজ্যেও উন্নতি হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর আগের সফরের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্রের বিজেপি সরকার তা পূরণ করেছে। রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেছেন, মিজোরামের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে অনেক পদক্ষেপ নেওয়া হবে। যা পূরণ হলে রাজ্যবাসীকে চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে হবে না।
মিজোরামের কৃষকরা রাজ্যের উন্নয়নের ভিত্তি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ১.৭ লক্ষ কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। দেশের খেলাধূলায় উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের ক্রীড়া পরিকাঠামো বাড়াতে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ।
মিজোরামের জনগণকে নিজের পরিবারের সদস্যদের মতো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের জনগণের সঙ্গে যোগাযোগ করা তাঁর কাছে সবসময় আনন্দের বিষয়। তিনি আরও বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যবাসীর আকাঙ্খা, স্বপ্ন ও প্রয়োজনীয়তা পূরণকে গুরুত্ব দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি অসাধারণ মিজোরাম তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নিশ্চিত যে এটি করতে রাজ্যবাসীর সমর্থন ও আশীর্বাদ বিজেপি পাবে, বলেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য যে গত ৩০ অক্টোবর রাজ্য সফরের পাশাপাশি মামিকে জনসভা করার কথা থাকলেও, তা বাতিল করা হয়।












Click it and Unblock the Notifications