মেঘালয় ত্রিশঙ্কু, তৃণমূল-বিজেপিকে টেক্কা দেবে কংগ্রেস? কী বলছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের সমীক্ষা
এবার তৃণমূলের হানায় কংগ্রেস এখানে ভঙ্গুর। তা সত্ত্বেও ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস দ্বিতীয় বৃহত্তম দল হবে।
উত্তর পূর্বের মেঘালয়ে কংগ্রেসকে ভেঙে তৃণমূল রাতারাতি বিরোধী দল হয়ে গিয়েছিল। ফলে এবার এ রাজ্যের নির্বাচনে এনপিপির জয় যে সহজ হবে সেটাই মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু এবারও মেঘালয় ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা জোরদার বল আভাস দিল ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা। আর কংগ্রেস এবার ভেঙে যাওয়া সত্ত্বেও বিজেপি ও তৃণমূলকে টেক্কা দিতে পারে বলে মনে করছেন সমীক্ষকরা।

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি এবার এককভাবে ক্ষমতায় আসতে পারছে না উত্তর-পূর্বের এই রাজ্যে। এনপিপির সঙ্গে জোট ছিন্ন করে বিজেপি একা লড়ে তৃতীয় বা চতুর্থ স্থানেই থাকবে। ফলে মেঘালয়ে ক্ষমতায় থাকতে এবারও তাদের ফের এনপিপির হাত ধরতে হবে। বিজেপি মেঘালয় নির্বাচনে এবার ৪ থেকে ৮টি আসন পেতে পারে বলে জানিয়েছে সমীক্ষা।

এনপিপির সম্ভাব্য আসন সংখ্যা
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এনপিপি হবে এই রাজ্যের সর্ববৃহৎ দল। এনপিপি এককভাবে লড়ে প্রায় ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গেলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না। ১৮ থেকে ২৪টি আসন পেতে পারে তারা। ফলে সাতটি আসন দূরেই তাদের থামতে হবে। এবারও সরকার গড়তে কাউকে সঙ্গে নিতে হবে এনপিপিকে।

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা
২০১৮ সালের নির্বাচনে সর্ববৃহৎ দল হয়েও ক্ষমতা দখল করতে পারেনি কংগ্রেস। বিজেপি মাত্র দুটি আসনে জিতে এনপিপিকে সঙ্গে নিয়ে সরকার গড়ে। এবার তৃণমূলের হানায় কংগ্রেস এখানে ভঙ্গুর। তা সত্ত্বেও ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস দ্বিতয় বৃহত্তম দল হবে। কংগ্রেস ৬ থেকে ১২টি আসন পেতে পারে এ রাজ্যে। ফলে কিং-মেকার হওয়ার সম্ভাবনাও থাকছে তাদেরও। তৃণমূল ফ্যাক্টর সত্ত্বেও কংগ্রেস যদি দ্বিতীয় বৃহত্তম দল হয়, সেট তাদের বড় প্রাপ্তি।

তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা
তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে কিং মেকারের ভূমিকা নিতে পারে মেঘালয়ে। এমন সম্ভাবনা থাকলেও ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় সেই আশা ক্ষীণ। এই সমীক্ষায় তৃণমূল-সহ অন্যান্যরা ২৩টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে। তার মধ্য তৃণমূল বাদে রয়েছে ইউডিপি, এনডিএফ, নির্দল অন্যান্যরা।

মেঘালয়ের সম্ভাবনা ২০২৩-এ
এবার মেঘালয় বিধানসভা নির্বাচনে লড়াই মূলত সীমাবদ্ধ থাকছে এনপিপি, বিজেপি ও কংগ্রেসের মধ্যে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূলও লড়াইয়ে থাকছে। ৬০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৩১। সেখানে এনপিপি কংগ্রেস বা বিজেপি, এমনকী তৃণমূলেরও সমর্থন নিয়ে সরকার গড়তে পারে।

গতবারের নির্বাচনের ফলাফল
২০১৮ সালের নির্বাচনে মেঘালয়ে বৃহত্তম দল ছিল কংগ্রেস। তারা পেয়েছিল ২১টি আসন। এনপিপি পেয়েছিল ২০টি আসন। আর ইউডিপি পেয়েছিল ৬টি এবং পিডিএফ পেয়েছিল ৪টিতে জয়। বিজেপি দুটি কেন্দ্রে জয়ী হয়েছিল। বিজেপিই অন্যান্য ছোটো দলগুলিকে এক করে এনপিপির নেতৃত্বে সরকার গড়ে।












Click it and Unblock the Notifications