Mamata On INDIA: মমতা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে তৈরি, কংগ্রেসের আপত্তি, সমর্থন কাদের?
Mamata On INDIA: ইন্ডিয়া জোটের ছন্নছাড়া অবস্থা। হরিয়ানা, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে INDI Bloc-এর ভরাডুবির পর কংগ্রেসের ভূমিকায় অখুশি জোটের অনেকেই।
সংসদেও দেখা যাচ্ছে, নানা ইস্যুতে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখছে তৃণমূল কংগ্রেস। এই আবহেই শোরগোল পড়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে।

একটি বাংলা সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মমতা বলেন আমি ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম। কীভাবে জোট চলবে তা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দেখার কথা। আমি কীভাবে বলব? আমি মনে করি সকলকে নিয়ে চলা উচিত।
মমতাকে প্রশ্ন করা হয়, তিনি জোটকে নেতৃত্ব দিতে রাজি কিনা। মমতা জানান, তিনি বাংলার বাইরে যেতে চান না। এখানেই জন্মেছেন, এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। বাংলার মানুষের জন্য কাজ করবেন। তবে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে হলে তিনি প্রস্তুত। এখান থেকেই তা সামলে দিতে পারবেন।
মমতার এই মন্তব্যকে জোক বলে উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র মনিকম ঠাকুর। উদিত রাজের কথায়, বাংলায় জেতার পর দেশের নানা অংশে তৃণমূল তাদের নেটওয়ার্ক ছড়িয়ে দিতে চেয়েছিল। তবে সাফল্য পায়নি। যারা বাংলার বাইরে দলকে নিয়ে যেতে পারে না তারা জাতীয় পর্যায়ে কীভাবে লড়বে? কীভাবে উনি নেতৃত্ব দেবেন।
কংগ্রেস নেতা রাজেশ ঠাকুরের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন। তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে এমন বললে সকলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। কাউকে কোনও জোটের নেতৃত্ব দিতে চান কিনা এমন প্রশ্ন হলে তিনি কখনও না বলেন না। ফলে কংগ্রেস আপাতত ইন্ডিয়া জোটে নেতৃত্ব তৃণমূলকে ছাড়তে নারাজ।
সিপিআই নেতা ডি রাজা বলেছেন, আমি বলতে পারব না মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন। এগজিট পোলের ফল বের হওয়ার পর ইন্ডিয়া জোটের মাত্র একটিই বৈঠক হয়েছিল। জোটের উদ্দেশ্য দেশ বাঁচাতে বিজেপিকে হঠাতে হবে। সব রাজ্যে পরিস্থিতিও এক নয়।
শরদ পওয়ারের এনসিপির সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য একজন। গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা ও দায়িত্ব অনেকটাই। ফলে তিনি যদি জোটে বেশি দায়িত্ব নিতে চান আমরা খুশি।
শিবসেনা (উদ্ধব ঠাকরে)-র নেতা সঞ্জয় রাউত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত জানলাম। তিনি আমাদের ইন্ডিয়া জোটের বড় শরিক। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল বা শিবসেনা- আমরা সকলেই একজোট।
অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির জাতীয় মুখপাত্র উদয়বীর সিংয়ের কথায়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে থাকেন তাহলে জোটের নেতাদের বিষয়টিকে গুরুত্ব দিতে দেখে, তাঁকে সমর্থন করা উচিত। এতে জোট শক্তিশালী হবে। বিজেপিকে বাংলায় রুখে দিতে প্রধান ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। তাঁর সঙ্গে আমাদের সুসম্পর্ক বহুদিনের।
জেডিইউ নেতা কেসি ত্যাগী কটাক্ষ করে বলেছেন, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও আবার অরবিন্দ কেজরিওয়াল জোটকে নেতৃত্ব দিচ্ছেন। কংগ্রেস তাঁদের কাঁধে চেপে রাজনীতি করছে।
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের কথায়, বিজেপিকে হারাতে একজোট ইন্ডিয়া, কিন্তু হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে কংগ্রেসকে খুঁজেই পাওয়া গেল না। রাজনীতিতে কংগ্রেস ক্ষয়িষ্ণু হতেই জোটের মুখ হতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁকে কেউ বিশ্বাস করেন না।












Click it and Unblock the Notifications