মমতাকে কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৯ মার্চ : রাজ্যকে আর্থিক সাহায্য করার দাবি নিয়ে কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের প্রায় ২০ মিনিট কথা হয়।
কর মকুব সহ একগুচ্ছ দাবি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, কর সংগ্রহে রাজ্যের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

একশো দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী, সাধ্যমতো যা বিবেচনা করা হবে বলে আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ দলের সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং মুখ্যসচিব সঞ্জয় মিত্র।
কেন্দ্রে বিজেপি সরকার এককভাবে ক্ষমতায় আসার ৯ মাস পরে এই প্রথমবার নিজে থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত লোকসভা ভোটের আগে থেকেই নরেন্দ্র মোদীকে নিয়ে প্রকাশ্যেই তীব্র বিরোধিতা করে এসেছেন মমতা। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তো দূরের কথা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁকে রীতিমেনে শুভেচ্ছাবার্তা পর্যন্ত পাঠাননি। যা নিয়ে প্রচুর জলঘোলা হয়।












Click it and Unblock the Notifications