Rahul On Unemployment: পাকিস্তানের চেয়ে ভারতে বেকারত্ব দ্বিগুণ! মোদী সরকারকে বিঁধে দাবি রাহুলের
Rahul On Unemployment: নরেন্দ্র মোদী সরকারকে তীব্র নিশানা করলেন রাহুল গান্ধী। এবার কর্মসংস্থান ইস্যুতে। ভারতে বেকারত্বের হার নিয়ে মোদী সরকারকে প্রায়ই বিঁধে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রাহুল ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি থেকে দাবি করেন, ভারতে বেকারত্বের হার পাকিস্তানের চেয়ে দ্বিগুণ।

লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। দিনক্ষণ ঘোষণা হবে কয়েক দিনের মধ্যেই। ফলে বিরোধীরা যে কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে কর্মসংস্থানের প্রসঙ্গকে অন্যতম হাতিয়ার করবে তার ইঙ্গিত মিলেছে রাহুলের বক্তব্যতেই। তাঁর দাবি, বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব মোদী জমানাতেই!
রাহুল এদিন বলেন, ভারতে বেকারত্বের হার পাকিস্তানের চেয়ে দ্বিগুণ। ভারতে এই হার যেখানে ২৩ শতাংশ, সেখানে পাকিস্তানে তা ১২ শতাংশ। বাংলাদেশ, ভুটানেও বেকারত্বের হার ভারতের চেয়ে কম বলে জনসভায় দাবি করেছেন রাহুল গান্ধী।
ভারতে বেকারত্ব বৃদ্ধির হার নরেন্দ্র মোদীর উপর চাপিয়ে রাহুল বলেন, নরেন্দ্র মোদী ছোটখাটো ব্যবসা, উদ্যোগপতিদের শেষ করে দিয়েছেন জিএসটি ও নোটবন্দির মাধ্যমে। তখন থেকেই উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে বেকারত্ব। মধ্যপ্রদেশে প্রাক্তন সেনাকর্মী ও অগ্নিবীরদের সঙ্গেও কথা বলেন রাহুল গান্ধী।
গোয়ালিয়রে রাহুলের বক্তব্যে উঠে এসেছে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য থেকে শুরু করে কৃষক, যুবদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার নানা অভিযোগ। যেভাবে দেশজুড়ে ঘৃণা ছড়ানো হচ্ছে তা মোকাবিলাতেই এই কর্মসূচির নাম ভারত জোড়ো ন্যায় যাত্রা রাখা হয়েছে বলে দাবি রাহুলের। যাত্রা সাময়িক থামিয়ে পাটনায় ইন্ডিয়া জোটের জন বিশ্বাস র্যালিতে যোগ দেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications