মিথ্যা বলছেন কেরলের মুখ্যমন্ত্রী,সন্ন্যাসিনী হেনস্থার অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন রেলমন্ত্রীর
খ্রিস্টান সন্ন্যাসিনী হেনস্থার অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন রেলমন্ত্রী
উত্তরপ্রদেশে বজরং দলের হাতে কেরলের খ্রিস্টান সন্ন্যাসিনীদের হেনস্থার ঘটনায় কয়েকদিন আগেই উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। এমনকী পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে এই ঘটনা থানিক অস্বস্তিও বাড়ায় গেরুয়া শিবিরের। গত মঙ্গলবার এই ঘটনায় বড়সড় অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। এমনকী চাপের মুখে পড়ে তদন্তেরও আশ্বাস দিতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সমস্ত অভিযোগকেই মিথ্যে বলে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়াল।

অভিযোগ গত শুক্রবার ১৯ মার্চ ২ জন খ্রিস্টান সন্ন্যাসিনী হরিদ্বার-পুরী উৎকল এক্সপ্রেসে দিল্লি থেকে ওড়িশার রাউরকেলা যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন ২ প্রশিক্ষণরত সন্ন্যাসিনীও। উত্তরপ্রদেশের ঝাঁসিতে সঙ্ঘ পরিবারের প্রায় শতাধিক কর্মী সমর্থক তাদের হেনস্থা করেন। এমনকী সেই ঘটনার একটি ভিডিয়ো ফুটেজও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।এদিকে ওই সন্ন্যাসিনীরা সরাসরি ধর্মান্তরণের কাজে যুক্ত ছিলেন বলে অভিযোগ তুলেছে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি।
যদিও গোটা ঘটনাক্রম জানার পরেও এদিন পীযূষ গোয়ালকে বলতে শোনা যায়, “ কোনও সন্ন্যাসিনীর উপর কোনও হামলাই হয়নি। কেরলের মুখ্যমন্ত্রী পুরোপুরি মিথ্য কথা বলছেন। অভিযোগ মেলার পরেই গোটা ঘটনার তদন্ত করে দেখেছে পুলিশ। এমনকী সন্ন্যাসিনীদের বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখা হয়েছে। ” এদিন কোচিতে এক সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন রেলমন্ত্রী। যদিও তার এই মন্তব্যের পরেই ফের তীব্র চাপানৌতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications