ভোট তো নয় যেন মদের ফোয়ারা! কর্নাটকে উপনির্বাচনে বাজেয়াপ্ত ৩ লক্ষ লিটার মদ
থরে থরে সাজানো মদের বোতল। পরিমাণ শুনলে চমকে যেতেই হয়৷ আরও হতবাক করতে পারে তার আনুমানিক বাজারমূল্য জানলে৷ কর্নাটকের চান্নাপাটনায় বিধানসভা উপনির্বাচন চলছে। সেখানেই এই বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রশাসনের তরফ থেকে বড় অপারেশন চলেছিল। আর তাতেই এই বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়েছে। ওই নির্বাচনী কেন্দ্রে প্রায় ৩ লক্ষ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই বিপুল পরিমাণ মদের আনুমানিক বাজারদর ২৯ কোটি টাকা।

এই কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রি জেডি(এস) দলের নেতা এইচডি কুমারস্বামীর ছেলে নিখিল কুমারস্বামী লড়াই করছেন। তাঁর প্রতিপক্ষ কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সিপি যোগেশ্বর। কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। ১৬ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত অভিযান চলেছিল তিনটি নির্বাচনী এলাকায়। তিনটি নির্বাচনী এলাকা থেকে মোট ৩৩.৩৩ কোটি টাকার এই সরঞ্জাম উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, শিগগাঁও থেকে ৩০০ লিটার মদ বাজেয়াপ্ত হয়েছে। সান্দুর থেকে ২,৯২৬ লিটার মদ উদ্ধার হয়েছে। চান্নাপাটনা থেকে সব থেকে বেশি পরিমাণ মদ উদ্ধার হয়েছে। ২,৯৫,৩৯৫ লিটারের বেশি মদ উদ্ধার করা হয়েছে সেখান থেকে। এছাড়া শিগগাঁও থেকে ৮.২ কেজি মাদক দ্রব্য বাজেয়াপ্তর খবর পাওয়া গিয়েছে।
এই নির্বাচনী এলাকায় প্রায় ৭৭০ টি ভোটকেন্দ্র রয়েছে। সাত লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করা প্রসঙ্গে৷ ভোটারদের প্রভাবিত করার জন্যই এই মদ নিয়ে আসা হয়েছিল? না কী এর অন্য কোনও কারণ ছিল? ভোটের বাজারে এই মদ উদ্ধার নিয়েও চর্চা চলছে।












Click it and Unblock the Notifications