মনমোহনকে পাল্টা দিলেন নাড্ডা, কংগ্রেস জমানার হিসাব তুলে ধরে আক্রমণ লাদাখ ইস্যুতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ভারতে চিনা বাহিনী প্রবেশ করেনি' মন্তব্য ঘিরে বিরোধী পক্ষের তুমুল সমালোচনার মুখে পড়ে কেন্দ্র। চিন-ভারত সংঘাত নিয়ে সরাসরি মোদীকে দুষে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, 'আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, ভুল তথ্য কখনই কূটনীতি ও নির্ণায়ক নেতৃত্বের বিকল্প হতে পারে না।'

মনমোহনকে আক্রমণ নাড্ডার
মনমোহনের এহেন সমালোচনা হজম করতে পারলেন না বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন পাল্টা আক্রমণে নাড্ডা এদিন টুইটারে লেখেন, 'মনমোহন সিং সেই দলেরই সদস্য যারা অসহায় ভাবে ৪৩ হাজার কিলোমিটার এলাকা চৈনিক সেনার হাতে তুলে দিয়েছিল। ইউপিএ সরকারের সময়ে আমরা কোনও প্রতিরোধ ছাড়াই দেশকে আত্মসমর্পণ করতে দেখেছি।'

বারংবার সেনাবাহিনীকে ছোট করেছে কংগ্রেস
নাড্ডা আরও লেখেন, 'মনমোহন সিং সেই প্রধানমন্ত্রী যার আমলে চিন সে না অন্তত দশবার ভারতীয় ভূ-খন্ডে প্রবেশ করেছিল।' ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে এই অনুপ্রবেশগুলি ঘটেছিল বলে দাবি করেছেন নাড্ডা। এরপর কংগ্রেসকে তোপ দেগে তিনি লেখেন, 'বারংবার সেনাবাহিনীকে ছোট করেছে তারা।'

ভগবানও কংগ্রেসের সঙ্গে নেই
এর আগে প্রধানমন্ত্রীকে চিনের উক্তি নিয়ে 'সারেন্ডার মোদী' বলায় রাহুল গান্ধীকেও আক্রমণ করেছিলেন নাড্ডা। নাড্ডা বলেন, 'ভগবানও আপনাদের (কংগ্রেস) সঙ্গে নেই। আপনি বলেছেন, নরেন্দ্র মোদী আসলে সারেন্ডার মোদী। তার মানে আপনি বলতে চাইছেন , মোদীজি শুধু মানুষের নেতা নয়, ভগবানেরও নেতা। আপনাকে ভগবানের ভাষা বুঝতে হবে।'

কী বলেছিলেন মনমোহন?
এদিন মনমোহন মোদীর সমালোচনা করে বলেন, 'কর্নেল সন্তোষ বাবু ও আমাদের জওয়ানদের আত্মত্যাগের কথা যেন তিনি মাথায় রাখেন এবং সর্বশক্তি দিয়ে দেশের ভূখণ্ড রক্ষা করেন। তার কম কিছু করা মানে দেশের লোকের বিশ্বাসের প্রতি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করা হবে। প্রধানমন্ত্রীর ভুলকেই কাজে লাগাচ্ছে বেজিং। মিথ্যা বিবৃতি দিয়ে কখনই সত্যকে চেপে রাখা যায় না। আমরা প্রধানমন্ত্রীকে বলছি, তিনি কী বলছেন, তার তাৎপর্য যেন মাথায় রাখেন।'












Click it and Unblock the Notifications