Jharkhand Election: ক্ষমতায় ফিরলে সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ, ইশতেহারে চমক হেমন্ত সোরেনের দলের
Jharkhand Assembly Election 2024: রাত পোহালেই ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার ইশতেহার প্রকাশ (Manifesto) শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM)। বিধানসভা ভোটের ইশতেহার প্রকাশ জেএমএম প্রধান শিবু সোরেনের। এক্স হ্যান্ডেলে ছবি শেয়ার করে জানালেন শিবু-পুত্র তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)।
ইশতেহারে রাজ্যের সরকারি চাকরিতে মহিলাদের নিয়োগ (Women) নিয়ে বড় ঘোষণা জেএমএমের। ক্ষমতায় ফিরলে সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ পর্যন্ত সংরক্ষণ (Reservation) রাখা হবে বলে জানিয়েছে হেমন্ত সোরেনের দল। স্রেফ তাই নয়, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ঋণ মকুবেরও প্রতিশ্রুতি দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।

৯টি ক্ষেত্রকে টার্গেট করে উন্নয়নের প্রতিশ্রুতি জেএমএমের। এর মধ্যে কৃষি, শিক্ষা ও বাসস্থানের অধিকারকে প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়েছে ইশতেহারে। রাজ্যের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদানেরও প্রতিশ্রুতি শাসকদলের। সোমবার ইশতেহার প্রকাশের পর জানালেন জেএমএম মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য।
কৃষিক্ষেত্রেও বড় প্রতিশ্রুতি জেএমএমের। জিরো পার্সেন্ট সুদের হারে কৃষি ঋণ দেওয়া হবে বলে জানায় তারা। রাজ্যের তহবিল থেকে ১০০ দিনের কাজে মজুরি বাড়িয়ে ৩৫০ টাকা করা হবে বলে জানিয়েছে তারা। রাজ্যে ক্রীড়া বিশ্ববিদ্যালয় করার কথাও ঘোষণা করেছে হেমন্ত সোরেনের দল। সমস্ত ডিভিশনে স্পোর্টস সেন্টার গড়ে তোলা হবে বলে আশ্বাস।
ঝাড়খণ্ডজুড়ে ব্লক স্তরে ৫০০টি স্কুল ও পঞ্চায়েত স্তরে সাড়ে চার হাজার মডেল স্কুল গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে ইশতেহারে। একইসঙ্গে ১০০টি নার্সিং কলেজ গড়ে তোলার প্রতিশ্রুতি জেএমএমের। কেন্দ্রের কাছে বকেয়া টাকা ফেরাতে লড়াইয়ের হুঁশিয়ারি হেমন্ত সোরেনের দলের।
সাঁওতাল পরগনায় বাংলাদেশি অনুপ্রবেশের (Infiltration) অভিযোগ তুলে ভোটের ঝাড়খণ্ডে বারবার সরব হয়েছে বিজেপি। এদিন ইশতেহারে অনগ্রসর শ্রেণির কল্যাণে আলাদা মন্ত্রক গড়া হবে বলে উল্লেখ করেছে জেএমএম। ২০১৭-র জমি অধিগ্রহণ আইন ও ল্যান্ড ব্যাঙ্ক পলিসিও প্রত্যাহারের আশ্বাস রাজ্যের শাসকদলের।
১৩ ও ২০ নভেম্বর দু'দফায় ঝাড়খণ্ড বিধানসভায় ভোট রয়েছে। ২৩ নভেম্বর হবে ভোটগণনা। ৮১টি বিধানসভা আসনের জন্য লড়াইয়ে প্রায় ১২০০-র বেশি প্রার্থী। প্রথম দফার ভোটের প্রচারপর্বের লাস্ট ল্যাপে ইশতেহার প্রকাশ করল রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।












Click it and Unblock the Notifications