নয়া মন্ত্রিসভায় চারটি মন্ত্রিত্ব চাইছে জেডিইউ, নীতীশের দাবি না মানলে বিরূপ প্রভাব এনডিএ জোটে?
নয়া মন্ত্রিসভায় চারটি মন্ত্রিত্ব চাইছে জেডিইউ, নীতীশের দাবি না মানলে বিরূপ প্রভাব এনডিএ জোটে?
বছর ঘুরলেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। সঙ্গে মাথার উপর চব্বিশের লোকসভা। তার আগে দলে সমস্ত রকম রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে, করোনা ধাক্কায় হৃত ভাবমূর্তি ফেরাতে কোমড় বেঁধে নেমেছে মোদী সরকার। এদিকে মোদী মন্ত্রিসভার রদবদলের কাউন্টডাউন যে শুরু হয়ে গিয়েছে তা আট রাজ্যে রাজ্যপাল বদলেই স্পষ্ট। দিল্লিতে ডাক পড়েছে একাধিক একাধিক নতুন মুখে। আর এমতাবস্থায় ঠিক নিজেদের দাবি জানিয়ে রাখল নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড।

কাদের ভাগ্যে ছিঁড়তে পারে শিকে?
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যপাল বদলের পর যে গতিতে এগোচ্ছে কেন্দ্র তাতে আগামী দু-একদিনের মধ্যেই যে মোদী মন্ত্রিসভায় বড়সড় রবদবদল ঘটতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিজেপি-র অন্দর থেকে ছাড়াও নয়া মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন অনেক শরিক সদস্য। শিকে ছিঁড়তে পারে জেডিইউ, এলজেপি(পশুপতি গোষ্ঠী) সহ একাধিক ছোট বড় দলের ভাগ্যে।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় হতে পারে সম্প্রসারণের কাজ
সূত্রের খবর, ৮ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় করা হতে পারে এই সম্প্রসারণের কাজ। তবে তার আগে জেডিইউ-র দাবি কম করে হলেও নতুন মন্ত্রিসভায় তাদের ৪ সাংসদকে মন্ত্রীত্ব দিতেই হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বিহার ভোটের পর থেকেই মন্ত্রিসভায় জায়গার ব্যাপারে জোরালো দাবি তুলছিলেন নীতীশ কুমার। ২০১৯ লোকসভা ভোটের পরে বিজেপি-র কাছে দু'টি পূর্ণমন্ত্রী পদের দাবি জানিয়েছিলেন তিনি।

দুটি পূর্ণাঙ্গ মন্ত্রীত্ব চাইছেন নীতীশ
কিন্তু মানা হয়নি নীতীশের দাবি। এদিকে খাতায় কলমে বিহারে বিজেপি-র লোকসভা সাংসদের সংখ্যা ১৭। মোদীর মন্ত্রিসভায় রয়েছেন ৫ জন। সেখানে বিহারে জেডিইউ-র লোকসভা সাংসদ ১৬। এ ছাড়া রয়েছেন ৫ জন রাজ্যসভা সাংসদ। এমতাবস্থায় আনুপাতিক হিসাবে ৪ টি মন্ত্রীত্বের দাবি জানাচ্ছে নীতীশের দল। পাশাপাশি এখনও মোদীর কাছে দুটি পূর্ণাঙ্গ মন্ত্রীত্ব চাইছেন নীতীশ।

নীতীশের দাবি না মানলে বিরূপ প্রভাব এনডিএ জোটে ?
সূত্রের খবর, জনতা দল ইউনাইটেডের প্রাক্তন রাজ্য সভাপতি তথা মুঙ্গেরের জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন ওরফে লালন সিংহকে মন্ত্রী করতে চান নীতীশ। সঙ্গে রাজ্যসভার সাংসদ তথা অবসরপ্রাপ্ত আইএএস রামচন্দ্র প্রসাদ সিংহকেও মন্ত্রী করতে চান তিনি। কিন্তু শেষ পর্যন্ত নীতীশের দাবি মান্যতা পায় কিনা এখন সেটাই দেখার। পাশাপাশি এবার যদি জেডিইউ প্রধানের দাবি মাঠে মারা যায় তবে তা এনডিএ জোটে কোনও বিরূপ প্রভাব ফেলে কিনা সেটাও ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।












Click it and Unblock the Notifications