চলন্ত ট্রেনেই অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন খোদ বিধায়ক, ভাইরাল হতেই দিলেন পেট খারাপের সাফাই
চলন্ত ট্রেনেই অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন খোদ বিধায়ক, ভাইরাল হতেই দিলেন পেট খারাপের সাফাই
বৃহস্পতিবার পাটনা-নয়া দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেসে দিল্লি যাচ্ছিলেন ভাগলপুরের গোপালপুরের বিধায়ক গোপাল মন্ডল। আর সেখানেই অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াতে দেখা গেল জেডিইউ বিধায়ক। এই ছবি ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুখ পুড়েছে নীতীশ কুমারেরও। অন্যদিকে তাঁর এই পোশক দেখে অন্য যাত্রীরা প্রশ্ন করলে গোপাল মন্ডল তাদের পাল্টা গালিগালাজও করেন বলে শোনা যায়।

ট্রেনেই অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিধায়ক
সূত্রের খবর, বৃহস্পতিবার পাটনা-নয়া দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেসের এ-১ কোচে কেবল একটি স্যান্ডো গেঞ্জি ও জাঙ্গিয়া পড়ে ঘুরে বেড়াতে দেখা যায় জেডিইউ বিধায়ককে। কয়েকজন যাত্রী ওই বিধায়ককে সভ্য পোশাক পরতে বলায় তিনি গালিগালাজ করতে শুরু করেন। শুরু হয়ে যায় তীব্র বচসা। এমনকী অনেকের সঙ্গে অশালীন আচরণ করারও অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে।

আসল ঘটনার সূত্রপাত কোথায়?
এদিকে এই ঘটনা প্রসঙ্গে আরপিএফ বলছে, তেজাস রাজধানী এক্সপ্রেসের এ-১ কোচের ১৩, ১৪ ও ১৫ সিটগুলি নিজের নামে বুক করেছিলেন ওই বিধায়ক। অন্যদিকে ওই কোচেরই ২২ ও ২৩ নম্বর আসনে নিজের পরিবারকে নিয়ে সফর করছিলেন প্রহ্লাদ পাসওয়ান নামের এক ব্যক্তি। তিনি যাচ্ছিলেন দিল্লি। প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই যাত্রীরা দেখতে পান সবার সামনেই নিজের পোশাক বদলাচ্ছেন অভিযুক্ত বিধায়ক। তারপর কেবল একটি গেঞ্জি ও জাঙ্গিয়া পরে ঘুরে বেড়াতে থাকেন ট্রেনের বিভিন্ন কামড়ায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরপিএফ
এদিকে ওই কোচে সেই সময় পুরুষ যাত্রীদের পাশাপাশি ছিলেন অনেক মহিলা যাত্রী। তারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। আর তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন জেডিইউ বিধায়ক। গালিগালাজ করতেও শুরু করে দেন। বাড়তে থাকে বচসা। পরে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে মাঠে নামতে হয় আরপিএফ-কে। আরপিএফের একটি বড় দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাপের মুখে পড়ে সাফাই
অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কার্যত এখনও উদাসীন অভিযুক্ত বিধায়ক গোপাল মন্ডল। তাঁর দাবি, "আমার কয়েকদিন ধরেই পেট খারাপ ছিল। আর সেই কারণেই বারবার শৌচালয়ে যেতে হচ্ছিল। শৌচালয়ে যাওয়ার সময়েই ছবিটি তোলা হয়েছে। আমার কথায় কোনও মিথ্যে নেই।" অন্যদিকে গোটা ঘটনায় নড়েচড়ে বসেছএ রেলও। গোটা ঘটনার তদন্ত ভার হাতে নিয়েছেন ইস্ট-সেন্ট্রাল রেলওয়ের সিপিআর। অন্যদিকে ভাইরাল বিধায়কের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে দেদার হাসি-মশকরা।












Click it and Unblock the Notifications