দুই মেয়ের সামনেই প্রকাশ্যে খুন সাংবাদিক, ‘জঙ্গলরাজ’ চলছে যোগী রাজ্যে, তোপ কংগ্রেসের
‘রাম রাজ্যের’ বদলে ‘জঙ্গলরাজ’ উত্তরপ্রদেশে! দুই মেয়ের সামনেই প্রকাশ্যে সাংবাদিক খুন যোগী রাজ্যে
ফের সাংবাদিক খুনের ঘটনা যোগী রাজ্যে। সোমবার রাত ১০ দশটা নাগাদ এই নারকীয় হত্যাকাণ্ড ঘটে গাজিয়াবাদে। বেধড়ক মারধরের পর দুই মেয়ের সামনে প্রকাশ্য রাস্তাতেই পরপর গুলি করে হত্যা করা হয় বিক্রম যোগী নামে এক সাংবাদিককে। তিনি একটি সাপ্তাহিক পত্রিকা চালাতেন বলে জানা গেছে।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে হাড়হিম করা খুনের দৃশ্য
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে দুই মেয়েকে নিয়ে স্কুটারে চড়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় কয়েকজন দুষ্কৃতি তাঁদের দিকে এগিয়ে আসে। বেধড়ক মারধরের পর তাকে উদ্দেশ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতিরা। রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায় সেই হাড়হিম করা দৃশ্যের ধরা পড়ে। এই রাতেই গুরুতর আহত অবস্থায় বিক্রমকে হাসপাতালে ভর্তি করা হলেও মঙ্গলবার সকালে তিনি মারা যান।

কি কারণে খুন ?
এদিকে এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে যোগী শাসিত উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। ইতিমধ্যেই এই ঘটনায় জোর চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, সম্প্রতি বিক্রম তাঁর ভাইঝির শ্লীলতাহানি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তার জন্যই তাঁকে এই ভাবে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সমাজবিরোধীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠছে নয়ডা, গাজিয়াবাদ
এদিকে সাম্প্রতিক কালে সমাজবিরোধীদের অবাধ বিচরণ করতে দেখা গেছে দিল্লি ঘেঁষা নয়ডা ও গাজিয়াবাদে। গত কয়েকমাসে একের পর এক অপরাধমূলক কাজও হচ্ছে। অতীতেও নয়ডায় সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এ বার গাজিয়াবাদে সাংবাদিক খুন। পাশাপাশি কুখ্যাত ডন বিকাশ দুবেকে ঘিরে যে কাণ্ড হয়েছে তা নিয়েও এখনও রাজনৈতিক টানাপড়েন চলছেই। এমতাবস্থায় প্রকাশ্যে সাংবাদিক খুনের প্রতিবাদে সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল।

রাম রাজ্যের বদলে জঙ্গলরাজ চলছে যোগী রাজ্যে, তোপ কংগ্রেসের
এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় কংগ্রেসকেও। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথায় উত্তরপ্রদেশে রাম রাজ্য আনার প্রতিশ্রুতি দিয়ে যোগী সরকার এখন ‘গুন্ডারাজ' ‘জঙ্গলরাজ' উপহার দিচ্ছে। সম্প্রতি এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি টুইটও করতে দেখা যায় তাকে। গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার কালানিধি নৈথানী জানান, এই ঘটনায় রবি ও ছোটু নামে দু'জন প্রধান অভিযুক্ত সহ নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications