'বর্বর ও অমানবিক'! কাবুলে হাসপাতালে হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া নিন্দা ভারতের, কী বলল বিদেশ মন্ত্রক?
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলার ঘটনাকে ঘিরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিক্রিয়া জানাল। এই ঘটনাটিকে ভারতের বিদেশ মন্ত্রক 'বর্বর এবং অমানবিক' বলে উল্লেখ করেছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে, একটি হাসপাতালে হামলা চালিয়ে সাধারণ মানুষদের হত্যা করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

ভারতের অভিযোগ, কাবুলের ওই হাসপাতালে পাকিস্তানের এই বিমান হামলার কারণে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। বিভিন্ন রিপোর্ট অনুসারে, এই ঘটনায় ৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ২৫০-রও মানুষ আহত হয়েছেন। বিদেশ মন্ত্রকের মতে, কখনই একটি হাসপাতাল সামরিক লক্ষ্য হতে পারে না। অথচ এই হামলাটিকে পাকিস্তান সামরিক অভিযানের নাম দিয়ে অন্যভাবে ঘটনাটিকে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ভারত।
Our statement on Pakistan’s cowardly targeting of Kabul Hospital
— Randhir Jaiswal (@MEAIndia) March 17, 2026
🔗 https://t.co/uYbQhhc8MC pic.twitter.com/KVEaLyBtTB
ভারত জানিয়েছে যে, এই হামলাটি শুধু নিরীহ মানুষের উপর আঘাত নয়, বরং এটি আফগানিস্তানের সার্বভৌমত্বের উপরও সরাসরি আক্রমণ। ভারতের বিদেশ মন্ত্রক সতর্ক করে বলেছে যে, এরকম পদক্ষেপ গোটা অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ভারতের বক্তব্য, পাকিস্তান অনেকবার এরকম বেপরোয়া পদক্ষেপ নিয়েছে এবং বারবারই নিজেদের অভ্যন্তরীণ সমস্যার চাপ থেকে নজর ঘোরানোর জন্য সীমান্তের বাইরে সংঘাত তৈরি করার চেষ্টা করেছে।
এই ঘটনাটির সময় নিয়েও প্রশ্ন তুলেছে ভারত। কারণ হামলাটি ঘটেছে পবিত্র রমজান মাসে। এই মাসটি মুসলিম সম্প্রদায়ের কাছে শান্তি, সহমর্মিতা এবং সংযমের সময় হিসেবে পরিচিত। ভারতের বিদেশ মন্ত্রক মন্তব্য করেছে যে, এইরকম একটি সময়ে একটি হাসপাতালে হামলা চালানো আরও বেশি নিন্দনীয়।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে যে, সাধারণ মানুষকে নিশানা করা কোনও ধর্ম, আইন অথবা কোনও নৈতিকতার মধ্যেই পড়ে না। তাই এরকম একটি হামলার জন্য দায়ীদের চিহ্নিত করে তারপর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। ভারত আন্তর্জাতিক মহলকেও এই ঘটনায় তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
পাশাপাশি এই ভয়াবহ ঘটনার কারণে ভারত নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছে। সেই সঙ্গে এই কঠিন সময়টিতে আফগানিস্তানের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে নয়াদিল্লি।












Click it and Unblock the Notifications