যুদ্ধ না শান্তি, ভারত-চিন সংঘর্ষের পর কী পরিস্থিতি লাদাখে! কেন্দ্রের নির্দেশে কোন পদক্ষেপ নিল সেনা?
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হন ২০ ভারতীয় সেনা জওয়ান। সংঘর্ষে ৪৩ জন চিনা সৈনিকও নিহত বলে জানা গিয়েছে। এরই মধ্যে ভারতের আরও ৪ সৈনিক এখনও গুরুতর অবস্থায় রয়েছে সেখানে। তাছাড়া ১০ জন জওয়ান এখনও নিখোঁজ বলে খবর এসেছে। এই অবস্থায় লাদাখের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা
সোমবার রাতে লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা তৈরি হয়৷ যার জেরে শহিদ হন ভারতীয় সেনার তিন জন৷ সংঘর্ষের সময় গুরুতর জখম হয়েছিলেন ১৭ জন৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম ১৭ জনের মৃত্যু হয়েছে৷ এই পরিস্থিতি সেনার তরফে আরও বেশি সংখ্যক বাহিনী মোতায়েন করা হচ্ছে সীমান্তে।

দফায় দফায় জরুরি বৈঠক
মঙ্গলবার লাদাখের সংঘর্ষের খবর সামনে আসতেই জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, সিডিএস বিপিন রাওয়াত ও তিন বাহিনীর প্রধান। এরপর গভীর রাতে প্রধানমন্ত্রীর দফতরেও চার মন্ত্রী ও সেনা প্রধানদের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় এই সংক্রান্ত।

লাদাখে বাহিনী মোতায়েন
জানা গিয়েছে এরপরই সেনাকে লাদাখে বাহিনী মোতায়েন করার সমস্ত রকমের ছাড় দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এর আগে কাশ্মীর থেকে বিপুল সংখ্যাক সেনা লাদাখে নিয়ে যাওয়া হলেও শান্তি প্রক্রিয়ার সময় তা হটানো হয়। তবে বর্তমান পরিস্থিতিতে আবার সেই সেনাদের সীমান্তে মোতায়েন করা হচ্ছে বলে খবর।

বিমান বাহিনীকেও সীমান্তবর্তী বেসে প্রস্তুত
এদিকে ভারতীয় বিমান বাহিনীকেও সীমান্তবর্তী বেসে নিজেদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, চিনের কাছে লাদাখ সীমান্ত পারে যুদ্ধবিমান রয়েছে। সেই হামলা প্রতিহত করতেই আগেভাগে তৈরি রাখা হচ্ছে ভারতীয় বিমানবাহিনীকেও।

বিদেশমন্ত্রকের বিবৃতি
এদিকে এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়, 'ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নিজেদের সীমানার মধ্যে কার্যক্রম বজায় রাখে৷ চিনের কাছেও সেই একই কর্ম প্রত্যাশিত৷ সীমান্ত এলাকায় আমাদের দৃঢ়রূপে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে হবে৷ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে হবে৷ সেই সঙ্গে আমরা ভারতীয় ভূখণ্ডের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।'












Click it and Unblock the Notifications