সমাধান সূত্রের খোঁজে ভারত-পাকিস্তান, আড়াই বছর পর ফের আলোচনার টেবিলে দুই দেশ!
আজ থেকে শুরু হবে ইন্দাস কমিশনার অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের বার্ষিক বৈঠক। প্রতিবছর এই বৈঠক হওয়ার কথা থাকলেও গত আড়াই বছর ধরে এই বৈঠকে বসেনি দুই দেশ। মূলত পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়। এর জেরে নদীর জল বণ্টন সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বৈঠক পিছিয়ে যেতে থাকে।

শান্তি ফেরানোর চেষ্টা শুরু
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিল নয়া দিল্লি এবং ইসলামাবাদ। এরপর থেকেই ফের দুই দেশের মধ্যকার শান্তি ফেরানোর চেষ্টা শুরু হয়। এই আবহে আজ থেকে নয়াদিল্লিতে নদীর জল বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তান।

ভারতের দু'টি প্রকল্প নিয়ে আপত্তি তুলতে পারে পাকিস্তান
সূত্রের খবর, এদিনের বৈঠকে পাকিস্তান ভারতের দু'টি জল প্রকল্প নিয়ে আপত্তি তুলতে পারে। পাকাল দূল এবং লোয়ার কালনাই নামক ভারতের দু'টি প্রকল্প নিয়ে পাকিস্তান প্রথম থেকেই আপত্তি তুলে এসেছে। এই আবহে তারা আনুষ্ঠানিক ভাবে এদিন ফের এবিষয়ে আপত্তি তুলবে বলেই মনে করা হচ্ছে।

বিবাদের মূলে থাকা প্রকল্পগুলি
পাকাল দূল জলবিদ্যুৎ প্রকল্পটি ভারত তৈরি করছে মারুসুদার নদীর উপর। এই নদীটি চেনাবের শাখা-নদী। এই প্রকল্পটি জম্মুর কিশ্তওয়ার জেলায় অবস্থিত। এদিকে অপর প্রকল্পটি চেনাব নদীর উপরই। এই দুই প্রকল্প নিয়ে পাকিস্তান আপত্তি জানাতে পারে এই বৈঠকে। এছাড়া এদিনের বৈঠকে বন্যা সংক্রান্ত তথ্য বিনিময় নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

শেষবার কমিশনের বৈঠক হয়েছিল লাহোরে ২০১৮ সালে
এর আগে শেষবার কমিশনের বৈঠক হয়েছিল লাহোরে ২০১৮ সালে, যা সাধারণত হওয়ার কথা বছরে অন্তত একবার। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে নানা ধরনের বিবাদ-বিদ্বেষের কারণে বিশেষ করে সংবিধানের ৩৭০ ধারার প্রত্যাহার এবং তার জেরে নিয়ন্ত্রণরেখা বরাবর পর পর হিংসামূলক ঘটনার ফলে এই বৈঠক আয়োজন করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত পিছনের দরজা দিয়ে হওয়া কূটনীতির ফলে বরফ কিছুটা গলেছে এবং দুই দেশকে ফের আলোচনার টেবিলে নিয়ে আসা গিয়েছে। যার ফলশ্রুতি হল এক মাস আগে স্বাক্ষরিত হওয়া যুদ্ধবিরতি চুক্তির পুনর্নবীকরণ।

পাকিস্তানের আপত্তির কারণ
এই চুক্তির আওতায় ছ'টি নদী রয়েছে। সিন্ধু, ঝিলম, চেনাব, রবি, শতদ্রু এবং বিপাশা। চুক্তি অনুসারে পাকিস্তান, পশ্চিমের নদীসমূহ যেমন ঝিলম, চেনাব এবং সিন্ধু, যা ভারত হয়ে পাকিস্তানে প্রবাহিত হয়েছে, এগুলির উপর পূর্ণ অধিকার উপভোগ করে। ভারতের এই নদীগুলির উপর কোনও অধিকার নেই। এই সব নদীর উপর বাঁধ নির্মাণ করে পাকিস্তানকে এদের জল থেকে বঞ্চিত করতে পারে না ভারত। আর তাই চেনাবে তৈরি হওয়া দু'টি প্রকল্প নিয়ে আপত্তি তুলতে পারে পাকিস্তান।












Click it and Unblock the Notifications