কংগ্রেসের পর বিজেপি, হিমাচলের বিধানসভা নির্বাচনে পাঁচজন মহিলা প্রার্থী সহ ৬২ জনের নাম প্রকাশ
হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। আর বুধবার ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি তাদের ৬২ জন প্রার্থীর নাম আসন্ন নির্বাচনের জন্য প্রকাশ করল। এর আগে কংগ্রেস তাদের ৪৬ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

পাহাড়ে ঘেরা সুন্দর এই রাজ্যে ৬৮টি আসনে বিধানসভা নির্বাচনের দিন ঠিক হয়েছে ১২ নভেম্বর, শনিবার এবং ৮ ডিসেম্বর গণনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ২৫ অক্টোবর। বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী সেরাজ থেকে প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং উনা আসন থেকে দাঁড়াচ্ছেন সৎপাল সিং সত্তি। অপরদিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখ রামের ছেলে অনিল শর্মা, মাণ্ডি আসন থেকে লড়বে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের অন্যান্য শীর্ষ নেতা সমন্বিত কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয় সোমবার, যেখানে বিজেপি এই নির্বাচনে পাঁচজন মহিলা প্রার্থীকে চূড়ান্ত করেছে। তবে কিছু বর্তমান বিধায়ককে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি বিজেপি টিকিট দিয়েছে ১১ জন তফসিলি জাতি বিভাগের মানুষদের এবং তফশিলি উপজাতি থেকে আটজনকে বাছাই করা হয়েছে জানা গিয়েছে। তফশিলি উপজাতিদের জন্য তিনটে আসন সংরক্ষিত রয়েছে। বিজেপির প্রার্থী তালিকার মধ্যে দুই তৃতীয়াংশ স্নাতক ও স্নাতকোত্তর। জানা যাচ্ছে যে হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমাল এই বছরের নির্বাচনে লড়বেন না কারণ তিনি ২০১৭ সালের নির্বাচনে হেরে গিয়েছিলেন। প্রসঙ্গত, ২০১৭ সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ৪৪ টি আসনে ও কংগ্রেস ২১টি আসনে জয়ী হয়েছিল।
মঙ্গলবারই মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) মানেশ গর্গ এক সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অনুপস্থিত ভোটারদের ক্ষেত্রে তাঁরা ১২-ডি ফর্মে পোস্টাল ব্যালেটে ভোট দিয়ে তা রিটার্নিং অফিসারকে জমা দিতে পারবেন। তিনি এ বিষয়ে আরও একটু ব্যাখা দিতে গিয়ে জানিয়েছেন চিকিৎসক, প্যারা-মেডিক্যাল কর্মী, অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাস্থ্য বিভাগের, হিমাচলের পরিবহন পরিষেবার চালক ও কনডাকটর, স্থানীয় রুটের বাস পরিষেবা, দমকল পরিষেবা, হিমাচল প্রদেশে দুগ্ধ সরবরাহ পরিষেবা, স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধি সহ পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত তাঁরা পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দেবেন। বর্তমানে হিমাচল প্রদেশ বিধানসভায় বিজেপির ৪৩টি আসন রয়েছে। কংগ্রেসের দখলে রয়েছে ২২টি আসন। একজন সিপিএম বিধায়ক ও দুজন নির্দল বিধায়ক রয়েছেন। রাজ্যে মোট ভোটার ৫৫ লক্ষ ৭৪ হাজার ৭৯৩ জন।












Click it and Unblock the Notifications