পাশবিক অত্যাচারের ঘটনা উত্তরাখণ্ডে? ফাঁকা জায়গায় পাওয়া গেল নিখোঁজ নার্সের দেহ
কলকাতায় জুনিয়র চিকিৎসকের খুন ও ধর্ষণ। আরজি কর হাসপাতালের ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। সেই ঘটনার আঁচ সারা ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থার উপর পড়েছে। নিন্দা ও ক্ষোভ দুই দেখা দিয়েছে দেশজুড়ে৷ এবার আরও একটি নারকীয় ঘটনা সামনে এল। উত্তরাখণ্ডে এক নার্সকে ধর্ষণের পর খুন করা হল।
উত্তরাখণ্ডের এই ঘটনাটি উধমপুর জেলার৷ বেশ কিছু দিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন। পরে জঙ্গলের মধ্যে মৃতদেহ উদ্ধার করা হয়৷ এই ঘটনা সামনে আসতেই আলোড়ন তৈরি হয়েছে। জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ জেরায় ওই ব্যক্তি অপরাধের কথা স্বীকারও করেছে।

কলকাতায় জুনিয়র চিকিৎসকের বয়স ৩১ বছর। আর উত্তরাখণ্ডে মৃতার বয়স ৩৩। জানা গিয়েছে, তিনি উধমপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন৷ নিখোঁজ হওয়ার দিন তিনি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। গত ৩০ জুলাই তিনি নিখোঁজ হয়েছিলেন।
নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন আশপাশ, আত্মীয়স্বজন, হাসপাতাল বিভিন্ন জায়গায় খোঁজখবর করেন৷ পরের দিন ৩১ জুলাই থানায় অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ নার্সের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে।
সিসিটিভি ফুটেজ দেখার কাজ শুরু হয়। নিখোঁজ হওয়ার সাত দিন পর উদ্ধার হয় নার্সের মৃতদেহ। জানা গিয়েছে, মৃতদেহ উত্তরপ্রদেশের রামপুরের গ্রামে পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের ঘটনা সামনে আসে। পুলিশ তদন্তে নেমে দেখে, নার্সের সঙ্গে থাকা টাকাপয়সা, গয়না, মোবাইল নেই। তাহলে লুটের জন্য এই খুন?
নার্সের মোবাইল ফোনের অবস্থান জানার কাজ শুরু হয়। লোকেশন দেখে জানা যায়, মোবাইল ফোনটি রাজস্থানের যোধপুরে রয়েছে। সেখান থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে উধমপুর ফেরে। ধৃত ব্যক্তি শ্রমিকের কাজে যুক্ত বলে জানা গিয়েছে।
দফায় দফায় ওই ব্যক্তিকে জেরা করে পুলিশ৷ জেরার মুখে সে ভেঙে পড়ে। ওই নার্সকে খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। জানা গিয়েছে, ওই নার্সকে একা যেতে দেখেই সে লুটের ছক কষেছিল। লুটের জন্যই ওই নার্সের পিছু নেওয়া হয়। ফাঁকা জায়গা নার্সের উপর হামলা চালানো হয়৷
এরপর ফাঁকা জায়গায় নার্সকে ধর্ষণ করা হয়। মুখ বন্ধ করতে তাকে খুনও করা হয়। মোবাইল ফোন, টাকাপয়সা, গয়না নিয়ে চম্পট দেয়। আরও কেউ এই অপরাধে জড়িতে কী না, তার খোঁজ চলছে। মৃতার একটি ১১ বছর বয়সের কন্যা রয়েছে।












Click it and Unblock the Notifications