রাম রহিমের বিরুদ্ধে খুনের মামলার শুনানি, পাঁচকুলা শহরে কড়া নিরাপত্তা
গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে জোড়া হত্যামামলার চূড়ান্ত শুনানি আজই, গোটা পাঁচকুলা শহরকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে
গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে জোড়া হত্যামামলার চূড়ান্ত শুনানি আজই। সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও ডেরা ম্য়ানেজার রঞ্জিত সিংয়ের হত্যামামলায় আজ রোহতক জেল থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে ধর্ষক বাবাকে। গত ২৫শে অগাস্টই একই আদালতে এবং একই বিচারক জগদীপ সিং রাম রহিমকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন।

আজকের শুনানিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য় আগে থেকেই প্রস্তুত হরিয়ানা সরকার। গত ২৫শে অগাস্টের মত পরিস্থিতি যাতে আর না তৈরি হয়, তা মাথায় রেখে গোটা পাঁচকুলা শহরকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। আদালত চত্বরে পর্যাপ্ত আধা সামরিক বাহিনী ও হরিয়ানা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হরিয়ানার ডিজিপি বি এস সন্ধু। তবে আগেরবারের মত এবার আর পাঁচকুলা শহরে ডেরা ভক্তদের জমায়েতের কোনও খবর নেই বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

২০০২ সালে ডেরা সাচা সওদা থেকে প্রকাশিত সংবাদপত্রে সাধ্বীকে ধর্ষণের খবর প্রকাশিত করেছিলেন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। রাম রহিমের হুমকিকে ভয় না পেয়ে নিজের কাজ চালিয়ে যাওয়ার মাশুল প্রাণ দিয়ে দিতে হয়েছে তাঁকে। একই কারণে খুন হতে হয়েছিল ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকেও। দুটি খুনের মামলাতেই মূল অভিযুক্ত রাম রহিম সিং। ইতিমধ্যেই জোড়া ধর্ষণের অপরাধে জেল খাটছে রাম রহিম। খুনের মামলাতেও বিচারক তার প্রতি কোনও সহানুভূতি দেখাবেন না বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications