রাম মন্দিরের চাঁদা তোলা বন্ধ করে পেট্রোলের দাম কমান, কেন্দ্রকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শিবসেনার
রাম মন্দিরের চাঁদা তোলা বন্ধ করে পেট্রোলের দাম কমান, কেন্দ্রকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শিবসেনার
পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে নতুন বছরের শুরু থেকেই নাজেহাল অবস্থা আম-আদমির। এদিকে দফায় দফায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে লাগাতার কেন্দ্রকে আক্রমণ করে চলেছে বিরোধীরা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রাম মন্দিরের প্রসঙ্গ টেনে কেন্দ্রেকে খোঁচা দিল একদা বিজেপির জোট সঙ্গী শিবসেনা।

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে দলীয় মুখপত্র সামানায় এদিন পদ্ম শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে শিবসেনা। যেখানে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রামণ শানিয়ে লেখা হয়, “ প্রতিটা মানুষেরই বাঁচার অধিকার রয়েছে। আর সরকারের উচিত সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে পেট্রোপন্যের মত্য অত্যাবশ্যকীয় পণ্যগুলির আকাশ ছোঁয়া দাম অবিলম্বে প্রত্যাহার করা।যদি সরকার তার কর্তব্যের কথা ভুলে যায় তবে তা জনতা ঠিকই মনে করিয়ে দেবে।”
এখানেই না থেমে রাম মন্দির ইস্যুতে বিজেপিকে খুল্লাম খুল্লা খোঁচা দিতে দেখা যায় সামানায়। শিবসেনার দলীয় মুখপত্রের সম্পাদকীয়তে কার্যত রসিকতার সুরে লেখা হয়, “ রাম মন্দিরের অনুদান গ্রহণ বন্ধ করে এই কঠিন পরিস্থিতিতে সরকারের উচিত পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম প্রত্যাহার। এতেই আদপে ভগবান রাম খুশি হবেন। ” অন্যদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে শিবসেনার যুব সংগঠন যুবসেনাও। এদিন তারা মুম্বইয়ের একাধিক পেট্রোল পাম্পে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেয় বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications