আলোচনায় বসতে রাজি হল কৃষকরা! কেন্দ্রের সামনে কোন শর্ত প্রতিবাদীদের?
আশা ছিল অমিত শাহর সঙ্গে আলোচনার পর শান্ত হবেন কৃষকরা। তবে তাতেও বরফ গলেনি। বরং হয়েছে উল্টোটা। অমিত শাহর সঙ্গে বৈঠকের পরদিনই কৃষকদের লিখিত প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রের তরফে। তবে সেই প্রস্তাব খারিজ করেছিল কৃষকরা। এরপর কেন্দ্রের সঙ্গে আর আলোচনায় না বসার ঘোষণাও করেন কৃষকরা। এরপর থেকে কেন্দ্র একাধিকবার আবেদন জানালেও কৃষকরা সারা দেননি।

দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধ করবেন কৃষকরা
এই আবহে কৃষকরা জানিয়েছেন, রবিবার দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধ করবেন তাঁরা। তাছাড়া ১৪ ডিসেম্বর দেশজুড়ে কেন্দ্র বিরোধী বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন কৃষকরা। সেদিনই কৃষক নেতারা বসবেন অনশন ধর্মঘটে। এই প্রেক্ষিতে কৃষকদের স্পষ্ট বক্তব্য, আলোচনা হবে একটি মাত্র শর্তে।

নিজেদের জেদে অনড় কৃষকরা
কৃষকরা নিজেদের জেদে কঠোর হয়ে এদিন ফের জানান, কেন্দ্রের সঙ্গে আলোচনা হবে একটি মাত্র শর্তে, তা হল তিনটি আইনই সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করা হোক কেন্দ্রের তরফে। এছাড়া কৃষকরা ২৬টি কৃষি পণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের দাবি রেখেছে কেন্দ্রের কাছে।

কৃষি আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কৃষকরা
ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কৃষক সংগঠন। এছাড়া ভারতীয় কৃষক ইউনিয়ন কৃষকদের জিও সিম পরিত্যাগ করার দাবিও তুলেছে। এদিকে এই আবহেই কৃষকদের উদ্দেশে বার্তা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ফিকির অনুষ্ঠানে কৃষি আইন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যও শান্ত করতে পারেনি কৃষকদের।

১৪ ডিসেম্বর অনশন ধর্মঘটে বসতে চলেছেন কৃষক নেতারা
এই পরিস্থিতিতে আরও কঠোর আন্দোলনে নামতে চলেছে কৃষকরা। কৃষকদের সাফ বক্তব্য আলোচনা হবে একটি শর্তে। যদি কেন্দ্র আইনগুলি প্রত্যাহার করে। জানা গিয়েছে কৃষকরা আগামীকাল জয়পুর-দিল্লি মহাসড়ক অবরোধ করা হবে। এছাড়া ১৪ ডিসেম্বর অনশন ধর্মঘটে বসতে চলেছেন কৃষক নেতারা।












Click it and Unblock the Notifications