Karnataka election: আর নয়! রাজনৈতিক সন্ন্যাস চেয়ে নাড্ডাকে চিঠি প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর
শুরু হয়ে গিয়েছে কর্নাটক বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন! আগামী ১০ মে ভোট হবে সে রাজ্যে। হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ক্ষমতায় থাকা বিজেপির তরফে কোনও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি।
কেন এখনও প্রার্থী তালিকা প্রকাশ হল না তা নিয়ে একাধিক জল্পনা রাজ্য-রাজনীতিতে। আর এর মধ্যেই ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শিবমোগার বিজেপি বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা (KS Eshwarappa)। এমনকি এই বিধানসভা নির্বাচনে লড়বেন না বলেও জানিয়েছেন তিনি।

ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন কে এস ঈশ্বরাপ্পা। যা সে রাজ্যের বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টি থেকে কে.এস. ঈশ্বরাপ্পা ভারতীয় জাতীয় কংগ্রেসের কেবি প্রসন্ন কুমারকে ৪৬ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন।
শিবমোগার এই বিজেপি বিধায়ক এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী KS Eshwarappa জেপি নাড্ডাকে লেখা চিঠিতে জানিয়েছেন, ব্যক্তিগত কারণ থেকেই এবারের বিধানসভা নির্বাচনে আর তিনি লড়তে চান না। এমনকি দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণাও করেছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কে এস ঈশ্বরাপ্পা চাইছেন তাঁর কেন্দ্র থেকে ছেলেকে দাঁড় করাতে। যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়। তবে নাড্ডাকে লেখা চিঠিতে বিজেপি বিধায়ক দল কীভাবে তাঁর পাশে থেকেছে সেই বার্তা তুলে ধরেছেন। তিনি লিখছেন, দীর্ঘ ৪০ বছরের আমাদের দল আমাকে বুথ সভাপতি থেকে শুরু করে দলের একাধিক পদে বসিয়েছে। এমনকি এখনও পর্যন্ত দায়িত্বের সঙ্গে এখনও দলের একাধিক দায়িত্ব তাঁর কাঁধে।
এমনকি কর্নাটকের মতো রাজ্যে উপ মুখ্যমন্ত্রী হিসাবেও কাজ সামলানোর সৌভাগ্য হয়েছে। দেওয়া হয়েছে সম্মানও। আর সেই দায়িত্ব দেওয়ার জন্যে নেতৃত্বকে ধন্যবাদ জানাতে ভোলেননি KS Eshwarappa।

অন্যদিকে এই নির্বাচনকে সামনে রেখে বিরোধীরা যখন মাঠে নেমে পড়েছে সেই সময়ে প্রার্থী তালিকা বিজেপি না প্রকাশ করায় একাধিক জল্পনা তৈরি হয়েছে। যদিও দিল্লিতে গিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরিয়াপ্পা। তাঁরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে বৈঠকও করেন। সেই মতো সোমবার প্রার্থী তালিকা বেরনোর সম্ভাবনা থাকলেও তা হয়নি। সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপত্তির কারণে প্রার্থী তালিকা প্রকাশে দেরি।












Click it and Unblock the Notifications