যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, বাণিজ্যিক গ্যাস না পেয়ে বিপাকে বেঙ্গালুরুর হোটেল মালিকরা
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব এবার দেখা যাচ্ছে ভারতে। ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা তৈরি হয়েছে। তারই মধ্যে আচমকা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম সঙ্কটে পড়েছে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর হোটেল ও রেস্তরাঁ শিল্প।
সোমবার বেঙ্গালুরুর হোটেল মালিকদের সংগঠন এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় শহরের অসংখ্য হোটেল ও রেস্তরাঁ কার্যত অনিশ্চয়তার মুখে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বাধ্য হয়ে পরিষেবা বন্ধ করার কথাও ভাবতে হচ্ছে তাদের।

সংগঠনের তরফে বলা হয়েছে, হোটেল পরিষেবা শুধুমাত্র একটি ব্যবসা নয় এটি বহু মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, প্রবীণ নাগরিক থেকে শুরু করে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত বহু মানুষ প্রতিদিন খাবারের জন্য এই হোটেলগুলির উপর নির্ভর করেন। তাই গ্যাস সরবরাহ বন্ধ থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রাতেও তার প্রভাব পড়বে।
হোটেল মালিকদের অভিযোগ, জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলি আগে আশ্বাস দিয়েছিল যে মজুত গ্যাস দিয়ে অন্তত ৭০ দিন কোনও সমস্যা হবে না। কিন্তু তার আগেই হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠন। দ্রুত সমাধান না হলে আগামী ১০ মার্চ থেকে ধর্মঘটের ডাক দেওয়ার কথাও জানিয়েছে তারা।
উল্লেখযোগ্যভাবে, ইরান ইজরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণ কার্যত ব্যাহত হয়েছে। বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ এই জলপথের উপর নির্ভরশীল। সেই কারণেই শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশেই জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications