Fake Video: মুকেশ অম্বানি-নারায়ণ মূর্তির ভিডিও দেখে অনলাইনে বিনিয়োগ, নিমেষে খোয়া গেল সঞ্চয়ের ৯৫ লাখ
Fake Video: ফেক ভিডিওর ফাঁদে পড়ে লাখ লাখ টাকা খোয়ালেন বেঙ্গালুরুর দুই বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে লাখ লাখ টাকা বিনিয়োগ (Investment) করেছিলেন। চমকপ্রদ রিটার্নের (High Return) টোপ দেখানো হয়েছিল ভিডিওগুলিতে। আর এরপরই সর্বস্ব খোয়ালেন দুজনেই।
পুলিশ জানিয়েছে, ভিডিওগুলি সত্যি বোঝাতে বড় বড় শিল্পপতিদের ফেক ভিডিও ব্যবহার করা হয়েছিল। ইনফোসিসের কো ফাউন্ডার নারায়ণা মূর্তি (Narayana Murti), রিলায়ান্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ অম্বানির (Mukesh Ambani) মতো শিল্পপতিদের ফেক ভিডিও ছড়ানো হয়েছিল। তা দেখেই লাখ লাখ টাকা বিনিয়োগ করে বসেন ওই দুই অভিযোগকারী।

দুই অভিযোগকারী জানান, ভিডিও দেখে লিঙ্কে ক্লিক করেন তারা। তারপরই ঘটে বিপত্তি। প্রথম ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বনশঙ্করীর এক মহিলার সঙ্গে। হাই রিটার্নের টোপ দেখিয়ে বিনিয়োগের জন্য ওয়েবসাইটে ফেক ভিডিও ছড়ানো হয়েছিল বলে অভিযোগ। লিঙ্কে ক্লিক করে যাবতীয় ব্যক্তিগত তথ্য দেন তিনি। এরপরই সংস্থার এজেন্ট দাবি করে একজন ফোন করেন ওই মহিলাকে।
ফোন করে বিনিয়োগে মহিলাকে উৎসাহ দেন ওই অভিযুক্ত। এরপর ১ লক্ষ ৪০ হাজার টাকা বিনিয়োগ করে প্রথমে একলাফে ৮ হাজার টাকা রিটার্নও পান ওই মহিলা। এরপরই ৬ লক্ষ ৭০ হাজার টাকা বিনিয়োগ করেন তিনি। এরপর আর কোনও টাকাই ফেরত পাননি মহিলা। এভাবে মোট ৬৭ লক্ষ টাকা তিনি খুইয়েছেন বলে জানায় পুলিশ।
অন্যদিকে, বেঙ্গালুরুর এক অবসরপ্রাপ্ত কর্মীও একই জালিয়াতির শিকার হন। ফোনের ওপাড় থেকে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করে এক অভিযুক্ত। সেখানে টাকা ট্রান্সফার করতেই আর ফেরত আসেনি। এভাবে প্রায় ১৯ লক্ষ টাকা খোয়ান ওই ব্যক্তি। ইতিমধ্যেই দুটি ঘটনাতেই তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications