ভয় ধরাচ্ছে নয়া করোনা স্ট্রেন! ব্রিটেনের সঙ্গে সমস্ত বিমান সংযোগ বাতিলের দাবি কেজরিওয়ালের
ভয় ধরাচ্ছে নয়া করোনা স্ট্রেন! ব্রিটেনের সঙ্গে সমস্ত বিমান সংযোগ বাতিলের দাবি কেজরিওয়ালের
ইতিমধ্যেই করোনার নতুন স্ট্রেন নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা ব্রিটেনেই। যা নিয়ে তটস্থ ভারতও। ইতিমধ্যেই গোটা পরিস্থিতির কথা খতিয়ে দেখতে সোমবার জরুরি বৈঠকেও বসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এবার তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। একইসাথে ব্রিটেন থেকে ভারতে আগত সমস্ত বিমান বাতিলেও দাবি তোলেন তিনি।

আতঙ্ক বাড়ছে গোটা ব্রিটেনেই
প্রসঙ্গত উল্লেখ্য, গত দু'সপ্তাহ ধরেই ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা লাগামছাড়া ভাবে বেড়েছে। বেড়ে মৃতের সংখ্যাও। আর এর জন্য এক নতুন ধরনের কোভিড-১৯ ভাইরাসকেই কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা। এমতাবস্থায় ক্রিসমাসের প্রাক্কালে ব্রিটেনের একাংশে ফের লকডাউন জারি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনশন। এদিকে আগের করোনা স্ট্রেনের থেকে নয়া স্ট্রেন ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যাতেই বাড়ছে উদ্বেগ।

অরবিন্দ কেজরিওয়ালের সুরে সুর মিলিয়ে নিষেধাজ্ঞার দাবি কংগ্রেসেরও
একথা মাথাই রেখেই ব্রিটেনগামী ও ব্রিটেন থেকে আগত সমস্ত রকম পন্য ও যাত্রীবাহী বিমানে নিষেধাজ্ঞা চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এর জন্য তিনি কেন্দ্রের কাছে দরবারও করেন। সোমবার একটি টুইট বার্তাতেই একথা জানান অরবিন্দ কেজরিওয়াল। একই দাবি করেছে কংগ্রেসও।

ব্রিটেনের জন্য দরজা বন্ধ করছে একাধিক দেশ
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই ব্রিটেনের জন্য সমস্ত রকম দরজা বন্ধ করতে শুরু করেছে একাধিক দেশ।ইতিমধ্যেই সমস্ত ব্রিটেনের সমস্ত ধরণের বাণিজ্যিক ও যাত্রীবাহী বিমানে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। একইপথে হাঁটতে শুরু করেছে ব্রিটেনের প্রতিবেশী একাধিক দেশও। তালিকায় রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড এবং বুলগেরিয়া।

লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডেই নতুন করে মাথাচড়া দিচ্ছে নয়া করোনা
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাত থেকেই নয়া সিদ্ধান্তের কথা জানায় ফ্রান্স। আপাতভাবে আগামী ৪৮ ঘন্টার জন্য ব্রিটেন থেকে আকাশ ও সড়কপথে সমস্ত ধরণের পন্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইমানুয়েল সরকার। এদিকে মূলত লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডেই নতুন করে মাথাচড়া দিচ্ছে এই নয়া করোনা। এমতাবস্থায় সদ্য জারি লকডাউনের জেরে আগামী কয়েক সপ্তাহে গোটা ব্রিটেনেই ক্রিসমাস ও নববর্ষের সমস্ত আনন্দনুষ্ঠান ও জমায়েতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার।












Click it and Unblock the Notifications