শীঘ্র আসছে কোভ্যাক্সিন! দিল্লিতে মানবদেহে ট্রায়াল শুরু হতেই আশায় বুক বাঁধছে দেশবাসী
শুরু হয়ে গেল কোভ্যাক্সিনের ট্রায়াল। প্রথম দফায় শুক্রবার নয়াদিল্লির এইমসে পাঁচ জন স্বেচ্ছাসেবকের উপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে। তার মধ্যে ৩০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে এটি প্রথম প্রয়োগ করা হয়। এই ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেওয়ার জন্য প্রায় ৩,৫০০ জন স্বেচ্ছাসেবক নিজেদের নাম নথিভুক্ত করেছেন। স্বদেশি এই ভ্যাকসিনটি আইসিএমআর-এর সাহায্যে তৈরি করেছে ভারত বায়োটেক।

গতিবিধি পর্যবেক্ষণে রাখা হবে
এই সেবেচ্ছাসেবকদের শারীরিক অবস্থার গতিবিধি পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, এই ছয় মাস ধরে মূল যে বিষয়টির উপর নজর দেওয়া হবে, তা হল ওই স্বেচ্ছাসেবকদের শরীরে অ্যান্টিবডি গঠিত হচ্ছে কি না, বা অ্যান্টিবডি তৈরি হতে কতটা সময় লাগছে৷ পাশাপাশি, মানবদেহে ওই অ্যান্টিবডি কতক্ষণ স্থায়ী থাকছে, সেই দিকেও নজর রাখা হবে৷ আজকের পর আবার 14 দিন পর দ্বিতীয় দফায় ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে ওই স্বেচ্ছাসেবকদের শরীরে৷

আইসিএমআর ও এনআইভি-র সাহায্যে তৈরি এই ভ্যাকসিন
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-র সঙ্গে যৌথ উদ্যোগে করোনার এই প্রতিষেধকটি তৈরির কাজ করছে ভারত বায়োটেক। পুনেতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে আইসোলেটেড করে রাখা সার্স-কোভ-২-এর স্ট্রেইন ভারত বায়োটেকের হাতে তুলে দেওয়া হয়েছে।

যেখানে তৈরি হয়েছে এই কোভ্যাক্সিন
এরপরই দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর এই কোভ্যাক্সিন প্রতিষেধক তৈরি করে ভারত বায়োটেক। হায়দরাবাদের জিনোম ভ্যালিতে ভারত বায়োটেকের বায়ো সেফটি লেভেল ৩ হাই কনটেইনমেন্ট ফেসিলিটিতে এই প্রতিষেধক তৈরির কাজ সম্পন্ন হয়। জিনোম ভ্যালিতে ভারত বায়োটেকের বিশাল গবেষণাগার রয়েছে। এখানেই কোভ্যাক্সিন-এর যাবতীয় পরীক্ষা ও গবেষণার কাজ চালায় ভারত বায়োটেক।

বায়োটেকের সাফল্যের খতিয়ান
এর আগে পোলিয়ো, ব়্যাবিস ভাইরাস, রোটাভাইরাস, জাপানি এনসেফালাইটিস, চিকুনগুনিয়া, জ়িকা ভাইরাসের প্রতিষেধক তৈরির ক্ষেত্রে ভারত বায়োটেকের ভেরো সেল কালচার প্লাটফর্ম প্রযুক্তিতে বেশ ভালো সাড়া মিলেছিল। ভারত বায়োটেকের সাফল্যের ঝুলিতে রয়েছে ১৪০টিরও বেশি গ্লোবাল পেটেন্ট, ১৬ টিরও বেশি ভ্যাকসিন ও ৪টি বায়োথেরাপিউটিকস। এছাড়াও ১১৬ টি দেশে রেজিস্ট্রেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফিকেশনও রয়েছে ভারত বায়োটেকের ঝুলিতে।












Click it and Unblock the Notifications