Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভয়কে জয় করে আদালতে লড়াই, সুপ্রিম কোর্টে জিতে ডাক্তারি পড়ার পথ খুলল অথর্বের

প্রথমে ভয় ছিল, কিন্তু ছিল অটল আত্মবিশ্বাসও। সেই বিশ্বাসই শেষ পর্যন্ত জয় এনে দিল মধ্যপ্রদেশের তরুণ নিট পরীক্ষার্থী অথর্ব চতুর্বেদীকে। এমবিবিএসে ভর্তির অধিকার আদায়ে তিনি যে লড়াই শুরু করেছিলেন, তার পরিণতি মিলল দেশের সর্বোচ্চ আদালতে নিজের মামলায় নিজেই সওয়াল করে জয় ছিনিয়ে আনলেন তিনি।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিট পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৫৩০ পেয়ে উত্তীর্ণ হন অথর্ব। তিনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি (ইডব্লিউএস) এর অন্তর্ভুক্ত। কিন্তু উত্তীর্ণ হওয়া সত্ত্বেও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। কারণ, মধ্যপ্রদেশে বেসরকারি কলেজগুলিতে ইডব্লিউএস শ্রেণির জন্য সংরক্ষিত আসনের কোনও কার্যকর ব্যবস্থা ছিল না। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁর ডাক্তারি পড়ার স্বপ্ন অনিশ্চয়তায় ঝুলে যায়।

এই অন্যায়ের প্রতিবাদে আইনি লড়াইয়ের পথ বেছে নেন অথর্ব। প্রথমে তিনি মধ্যপ্রদেশ হাই কোর্টে মামলা দায়ের করেন ও নিজের পক্ষে নিজেই সওয়াল করেন। আদালতে তিনি সংবিধানের ১০৩ তম সংশোধনী ও অনুচ্ছেদ ১৫(৬) ও ১৬(৬) এর উল্লেখ করে যুক্তি দেন, এই বিধান অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও ইডব্লিউএস শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক। আদালত তাঁর যুক্তিতে সন্তুষ্ট হয়ে রাজ্য সরকারকে নির্দেশ দেয় এক বছরের মধ্যে সংরক্ষণ প্রক্রিয়া কার্যকর করতে।

তবে অভিযোগ, সেই নির্দেশ কার্যকর হয়নি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও নিটে সাফল্য পান অথর্ব, এবার তাঁর র‌্যাঙ্ক ছিল ১৬৪। তবুও একই সমস্যার মুখে পড়েন। তখনই তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। অনলাইনে আবেদন করে বিষয়টি প্রধান বিচারপতির বেঞ্চের সামনে তোলেন ও নিজের বক্তব্য উপস্থাপনের জন্য ১০ মিনিট সময় চান। শীর্ষ আদালত সেই সময় মঞ্জুর করে।

সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যুক্তির লড়াইয়ে অবিচল ছিলেন অথর্ব। তিনি বলেন, "প্রথমে ভয় লাগছিল। তবে অর্ডার কপি ভালো করে পড়ে গিয়েছিলাম। জানতাম আইন আমার পক্ষেই আছে। সেই আইন মেনেই নিজের কথা বলেছি।"

সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট ন্যাশনাল মেডিক্যাল কমিশন ও মধ্যপ্রদেশ সরকারকে তাঁর ভর্তি নিশ্চিত করার নির্দেশ দেয়। আদালতের এই নির্দেশে শুধু অথর্বের ডাক্তারি পড়ার পথই সুগম হয়নি, বরং ইডব্লিউএস সংরক্ষণ নিয়ে বৃহত্তর আলোচনাও নতুন করে সামনে এসেছে।

অথর্বের এই লড়াই প্রমাণ করল আইনের ওপর আস্থা ও নিজের অধিকারের প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে একজন সাধারণ শিক্ষার্থীও ন্যায়বিচারের লড়াইয়ে ইতিহাস গড়তে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+