বিজেপি শিবিরে মহাফাটল! ত্রিপুরায় বিধায়ক মুখ্যমন্ত্রীর শিবির ছেড়ে বিদ্রোহী সুদীপের শিবিরে
বিজেপি শিবিরে মহাফাটল! বিধায়ক মুখ্যমন্ত্রীর শিবির ছেড়ে বিদ্রোহী সুদীপের শিবিরে
পরিবর্তনের সরকারের দু-বছর যেতে না যেতেই কোন্দল শুরু হয়ে গিয়েছে। বিজেপি আড়াআড়ি দু-ভাগ হয়ে গিয়েছে। বিপ্লব বনাম সুদীপ দ্বন্দ্বে একে অপরে শক্তি বাড়ানোর খেলা শুরু করেছেন। বিপ্লবের বিরুদ্ধে শক্তিধর প্রতিপক্ষ হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন কংগ্রেস ও তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো সুদীপ রায় বর্মন।

বিজেপির উত্থান যেভাবে, ত্রিপুরায় পতনও কি সেভাবে
ত্রিপুরায় বড়সড় ভাঙনের মুখে দাঁড়িয়ে বিপ্লব দেব স্বভাবতই চাপে। এক্ষেত্রে বিপদ দলের বাইকে নয়, দলের অন্দরেই। রাজনৈতিক মহল এখন আশঙ্কা প্রকাশ করছে, বিজেপি চুরমার হয়ে যাবে না তো ত্রিপুরায়। যেভাবে বিজেপির উত্থান এই ত্রিপুরায় তাতে পতনও সেভাবে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিপ্লব দেবের শিবির ভেঙে সুদীপের শক্তিবৃদ্ধি!
লোকসভা ভোটের আগেও ত্রিপুরা বিজেপিতে ভাঙন ধরেছিল। তখন কোনওরকমে সামাল দেওয়া গিয়েছিল পরিস্থিতি। লোকসভা পরও ত্রিপুরায় বিজেপি আড়াআড়ি ভাঙনের মুখে। ত্রিপুরা বিজেপির দুই মুখ বিপ্লব দেব ও সুদীপ রায়বর্মনের বিরোধেই ভাঙন-জল্পনা তুঙ্গে উঠেছে আবার। বিপ্লব দেবের শিবির ভেঙে সুদীপের শক্তিবৃদ্ধি হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিপ্লব দেবের শিবির ছেড়ে বিধায়কের যোগ সুদীপ শিবিরে
মজলিসপুর কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধরী সম্প্রতি বিপ্লব দেবের শিবির ছেড়ে যোগ দিলেন সুদীপ শিবিরে। ফলে সুদীপ রায় বর্মনের শক্তি বাড়ল ফের। আগে সুশান্ত সুদীপের শিবিরেই ছিলেন। বিপ্লব মুখ্যমন্ত্রী হওয়ার পর শিবির বদল করেন সুশান্ত। কিন্তু দু-বছরেই মোহভঙ্গ হয় তাঁর। সুশান্ত ফের পুরো নেতার শিবিরেই ফিরে আসেন।

একনায়কতন্ত্র চালাচ্ছেন বিপ্লব, অভিযোগ বিধায়কের
সুশান্ত চৌধুরী সাংবাদিক বৈঠকে মুখ না খুললেও, জানা গিয়েছে তিনি বিপ্লব দেবের কাজে রীতিমতো বিরক্ত। বিপ্লব সরকারের মুখ্যমন্ত্রী হতে ধরাকে সরা জ্ঞান করছেন, একপ্রকার একনায়কতন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ। আর বিপ্লব ঘনিষ্ঠরা জানিয়ে দিয়েছেন, সুশান্তর খিদে মিটছে না, খালি দাও-দাও। তাঁকে ধান্দাবাজ বলে নিশানা করছেন বিপ্লব-অনুগামীরা।

সুদীপ রায় বর্মনের সঙ্গে বিপ্লব দেবের বিরোধ তুঙ্গে
এর আগে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের সঙ্গে বিপ্লব দেবের বিরোধ তুঙ্গে ওঠে। সুদীপ রায়বর্মন নিজেদের সরকারের বিরুদ্ধেই মহামিছিল করেন ত্রিপুরায়। নারী নির্যাতন ইস্যুতে রাজধানী আগরতলায় মহামিছিল করে বিজেপি নেতা সুদীপ রায়বর্মন সরকার ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে তোপ দাগেন। এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া দেয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের শিবিরও। বিজেপির মহিলা মোর্চার আবার তার পাল্টা মিছিল করে।

মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওয়ার পরই ঝাঁঝ বাড়াচ্ছেন সুদীপ
বিপ্লব দেব ও সুদীপ রায়বর্মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল বেশ কিছুদিন ধরেই। সুদীপ রায়বর্মন একাধিকবার বিপ্লব দেব সরকারের সমালোচনা করেন। বিজেপি সরকারের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে তিনি গর্জে ওঠেন। এর জন্য তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্তও করা হয়। তবু থেমে যাননি সুদীপ। তাঁর প্রতিবাদের ঝাঁঝ আরও বাড়িয়ে দেন। এখন তিনি বিপ্লবের বিরুদ্ধে দল ভারী করতে চাইছেন দলে থেকেই।

বিরোধী কংগ্রেস শক্তিশালী হলে হয়তো আগেই সিদ্ধান্ত নিতেন
এখন জল্পনা তৈরি হয়েছে, সদলবলে বিজেপি ছাড়তে পারেন সুদীপ রায় বর্মন। বিরোধী কংগ্রেস শক্তিশালী হলে হয়তো আগেই সুদীপ রায় বর্মন কোনও সিদ্ধান্ত নিতেন। এখনও তিনি অঙ্ক কষছেন। দলে থেকেই তিনি নিজের শিবিরের শক্তি বাড়িয়ে চলেছেন। সবাইকে একত্রিত করছেন বিপ্লবের বিরুদ্ধে।

সুদীপ ফিরলে ফের সমীকরণ বদলে যাবে ত্রিপুরায়
বিশেষ সূত্রে খবর তিনি নাকি যোগাযোগ শুরু করেছেন কংগ্রেসের সঙ্গে। বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরতে পারেন সুদীপ রায়বর্মন। তিনি কংগ্রেসেই ছিলেন। কংগ্রেসের বিধায়ক হিসেবেই মানিক সরকারের শাসনামলে ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন তিনি। কংগ্রেস ছেড়ে প্রথমে তিনি তৃণমূলে যোগ দেন, তারপর তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন। সুগদীপ সদলবলে কংগ্রেসে ফিরলে ফের সমীকরণ বদলে যাবে ত্রিপুরায়।












Click it and Unblock the Notifications