বন্দুকধারীরা পাহারা দিচ্ছে জলাধার, এখানে 'সোনা'র চেয়ে বেশি দামি 'জল'
ভোপাল, ২ মে : সারা দেশের বিভিন্ন রাজ্যে এবছর খরার প্রকোপ চলছে। দক্ষিণ ভারত, পশ্চিম ভারত ও মধ্য ভারতে বিশেষ করে এর প্রভাব অনেক বেশি। আর তাই এখন এইসব রাজ্য়ে এই মুহূর্তে সোনা নয়, জলের দাম ও গুরুত্ব অনেক বেশি তাতে সন্দেহ নেই।
খরার কবলে পড়েছে মধ্য ভারতের রাজ্য মধ্যপ্রদেশও। এখানে যেকয়েকটি জলাধারে এখন জল অবশিষ্ট রয়েছে, তা বাঁচাতে একেবারে বন্দুকধারী নিরাপত্তারক্ষী বসানো হয়েছে। যাতে কেউ জল চুরি করতে না পারে।

এবছর খরার প্রকোপ একেবারে চরমে পৌঁছেছে। সারা দেশের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ অর্থাৎ ৩৩ কোটি মানুষ খরার কবলে পড়েছেন।
ফলে স্থানীয় জলাশয়গুলির জল যাতে অযথা নষ্ট না হয় সেজন্য মধ্যপ্রদেশের তিকমগড় জেলার পুরসভা নিজেরাই বন্দুকধারী নিরাপত্তারক্ষী বসিয়ে সারা দিন-রাত পাহারা দিচ্ছে।
বাঁধের জল ধরে রেখেই এই জলাশয়গুলিতে জল রয়েছে। যা প্রায় শুকানোর মুখে। পুরসভা জানিয়েছে, যা পরিস্থিতি তাতে আগামী একমাস এই জলাধারে জল থাকবে। বৃষ্টি না হলে তারপর কি হবে জানা নেই। কারণ মধ্যপ্রদেশে ইতিমধ্যেই চারটি এমন বাঁধ দেওয়া রিজার্ভার শুকিয়ে গিয়েছে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এবছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। সেই আশাতেই এখন বেঁচে রয়েছেন খরা বিধ্বস্ত এলাকার মানুষেরা।












Click it and Unblock the Notifications