পেগাসাসের পর এবার ভিডিও পাঠিয়ে হ্যাকিং করার চেষ্টা হচ্ছে হোয়াটস অ্যাপে
পেগাসাসের পর এবার ভিডিও পাঠিয়ে হ্যাকিং করার চেষ্টা হচ্ছে হোয়াটস অ্যাপে
হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের আবারও সতর্ক হওয়ার পরামর্শ দিল ভারতীয় সাইবার সুরক্ষা সংস্থা। এবার আরও এক নতুন ধরনের বিপদ প্রকাশ্যে এল। অচেনা নম্বর থেকে হোয়াটস অ্যাপে এমপি৪ ফাইল পাঠিয়ে হ্যাকিং করার এক নয়া পদ্ধতি আবারও সামনে এল। এক নতুন ধরণের স্পাইওয়ার ব্যবহার করে এই রকম ভাবে হ্যাকিং করা হচ্ছে বিভিন্ন হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের। আর বিশেষ বিশেষ ফোনকে লক্ষ করেই এই ধরণের আক্রমণ করা হচ্ছে।

ভারতীয় সাইবার সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি টিম এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে। ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের পেগাসাস ম্যালওয়ারের ফোন আক্রমণ করার বিষয়টি সামনে আসাতে নড়েচড়ে বসেছিল সকলে। আর তারপরে আবার ও এই ধরণের ঘটনা সামনে আসাতে বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে ফেসবুকের অধীন এই সোশ্যাল মিডিয়া। যে কোন ব্যাক্তি অন্য কারও ফোনে আক্রমণ করতে চাইলে সেই ব্যাক্তির ফোনে একটি সামান্য ভিডিও ফাইল পাঠিয়ে এই কাজ করতে পারবেন। ভিডিওর মাধ্যমে এই ধরণের স্পাইওয়ার পাঠানোর বিষয়টি আরও বেশী গুরুত্বপূর্ণ। কেননা অনেক সময়েই অসাবধানতাবশত এই ধরণের ভিডিও ফাইলগুলিতে হাত পরে যায়। আর এই ধরণের স্পাইওয়ার ব্যবহারের কারণে একটু অসাবধান হলেই ফোন হাতে থাকলেও তার নিয়ন্ত্রণ চলে যাবে অন্য কারও হাতে। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এগুলি যে কোন ধরণের ফোন যেমন আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ক্ষেত্রেই সমানভাবে কার্যকর হবে। জানা গিয়েছে এই নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন থাকছে ব্যাক্তিগত এবং বিজনেস দুই ধরণের অ্যাকাউন্টেই৷
যদিও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে হোয়াটস অ্যাপ জানিয়েছিল যে তারা এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। তবে তার থেকে বেশী কিছু ফেসবুক বা হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানা যায় নি।












Click it and Unblock the Notifications