রাস্তা প্লাবিত, মানুষ ঘরে বন্দি, স্কুল কলেজ বন্ধ! লখনৌতে ভারী বৃষ্টির পরে ভয়ঙ্কর পরিস্থিতি
উত্তর প্রদেশের বহু জেলায় প্রবল বৃষ্টি হচ্ছে। মুষলধারায় বৃষ্টিতে রাজধানী লখনৌয়ের অবস্থা খারাপ। অনেক এলাকায় জল জমে রয়েছে। কোথাও কোথাও ঘরে জল ঢুকে গিয়েছে। যার জেরে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। রাত থেকে প্রবল বৃষ্টি এবং আবহাওয়া দফতরের জারি করা সতর্কতার মধ্যে লখনৌয়ের জেলাশাসক মঙ্গলবার পর্যন্ত সব স্কুলে ছুটির আদেশ জারি করেছেন।
রবিবারের মতো সোমবারেও বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। লখনৌ ছাড়াও খারাপ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে মোরাদাবাদে এদিন সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

রবিবার রাত থেকে উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে ভারী বৃষ্টি চলছে। অনেক এলাকাতেই জল জমে গিয়েছে। কিছু কিছু জায়গায় ঘরে ভিতরে জল ঢুকে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার চিত্রকূট, কৌশাম্বি, সন্ত কবিরনগর, বাস্তি, হারদোই, ফারুখাবাদ, কনৌজ, কানপুর, দেহাত, উন্নাওতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়াও রায়বরেলি, আমেঠি, অযোধ্যা, আগ্রা, ফিরোজাবাদ, মইনপুরি, ইটাওয়া, বিজনৌর, মোরাদাবাদে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফ থছেকে ১২-র পাশাপাশি ১৩ সেপ্টেম্বর পশ্চিম উত্তর প্রদেশের কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর রাজ্যের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত কমতে পারে।
উত্তর প্রদেশের বারাবাঁকিতে ভারী বৃষ্টি সমস্যা তৈরি করেছে। রাস্তা আর বাড়ির মধ্যেকার জল এক হয়ে গিয়েছে। বৃষ্টির জলে পুরসভার চেয়ারম্যানের বাড়িও প্লাবিত হয়েছে বলে জানা গিয়েছে। লখিমপুর ধেরি জেলাতেও টানা বৃষ্টির জেরে জেলার সব সরকারি স্কুল বন্ধ রয়েছে।
ভারী বৃষ্টিতে সম্বল জেলার শহর থেকে গ্রামীণ এলাকায় কার্যত বিপর্যয় দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিতে গ্রামীণ এলাকায় বাড়ি ধসে পড়েছে। এই ঘটনায় স্বামী-স্ত্রী ছয় সন্তান সমেত আটজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গ্রামবাসীরা ৭ জনকে উদ্ধার করেছেন।












Click it and Unblock the Notifications