তাড়াহুড়োর ফল হতে পারে ভয়াবহ, শিশুদের টিকাকরণে কেন্দ্রকে সতর্কবার্তা দিল্লি হাইকোর্টের
দেশে কোভিশিল্ড-কোভ্যাক্সিনের পাশাপাশি জরুরিভিত্তিতে টিকাকরণের ছাড়পত্র পেয়েছে স্পুটনিক-ভি। এমতাবস্থায় সত্ত্বর শিশুদের টিকাকরণ শুরু করতে চাইছিল জাইডাস-ক্যাডিলা। যদিও আদালতের হস্তক্ষেপে স্থগিত হয়ে যায় টিকাকরণের প্রক্রিয়া। সম্প্রতি শিশুদের টিকার ট্রায়ালের সময়সীমার বিষয়ে জনস্বার্থ মামলাও হয়েছে। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন দিল্লি হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের বিচারপতি ডি এন প্যাটেল ও জ্যোতি সিং সাফ জানান, "সঠিক গবেষণা ছাড়া তাড়াহুড়োয় শিশুদের টিকা দেওয়া শুরু করলে ফল ভয়াবহ হতে পারে।"

১২-১৮ বছর বয়সীদের জন্য জাইডাসের টিকা
আগামী ভবিষ্যতে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য চালু হতে পারে জাইডাস ক্যাডিলার টিকা, শুক্রবার দিল্লির উচ্চ আদালতে এমনটাই জানিয়েছেন কেন্দ্র। পাশাপাশি শুক্রবার এহেন পিটিশন দাখিলের বিষয়ে পিটিশনকারীকে সতর্ক করেছে আদালত। ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্টতই জানানো হয় এহেন গবেষণার ক্ষেত্রে কোনো ধরাবাঁধা সময় নির্ধারণ করা কোনোমতেই সম্ভব নয়। তাই সকলকেই বিজ্ঞানসম্মত উপায়ে ও ভালো ভলের জন্য কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।

চলতি মাসের শুরুতেই টিকাকরণ শুরুর আবেদন জাইডাসের
১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য জাইডাস টিকা প্ৰস্তুত করলেও নির্দিষ্ট গবেষণার অভাবে এখনই বিধিসম্মত ট্রায়াল অসম্ভব, এমনই মত কেন্দ্রের। সূত্রের খবর, গত পয়লা জুলাই কেন্দ্রের কাছে টিকার ছাড়পত্রের জন্য আবেদন জানায় জাইডাস ক্যাডিলা। প্রসঙ্গত উল্লেখ্য, জাইডাস ক্যাডিলার টিকা 'জাইকোভি-ডি' বিশ্বের প্রথম ডিএনএ নির্ভর তিন ডোজের ভ্যাকসিন।

সকল ভারতীয়ের টিকাকরণে সর্বাত্মক চেষ্টা কেন্দ্রের
আদালতে পেশ করা হলফনামায় কেন্দ্র সাফ জানিয়েছে, "দেশের ১০০% নাগরিকের পূর্ণ ডোজ টিকাকরণে সর্বশক্তি প্রয়োগ করেছে কেন্দ্র। এক্ষেত্রে ফলপ্রসূ সকল টিকাকেই ছাড়পত্র দিতে সচেষ্ট কেন্দ্র।" যদিও সঠিক নথি ও গবেষণার অভাবে ট্রায়াল থমকে জাইকোভি-ডির। ফলে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) থেকে অনুমতিপত্র পেতে যে দেরি হবে জাইডাসের, তা স্পষ্ট জানিয়েছে কেন্দ্র।

চর্চায় নাবালিকার পিটিশন
১২-১৮ বছর বয়সীদের জন্য প্রস্তুত জাইকোভি-ডিকে কেন ছাড়পত্র দিচ্ছে না কেন্দ্র, এ বিষয়ে প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু করেন টিয়া গুপ্তা নামে এক নাবালিকা। জবাবে কেন্দ্র জানায়, "২-১৮ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের উপর ট্রায়ালের অনুমতি এর আগে পেয়েছে ভারত বায়োটেক। ফলে অনুমতি যে মিলবর না এমনটা নয়। তবে জাইডাস ক্যাডিলাকে এখনও ধৈর্য্য ধরতে হবে।"












Click it and Unblock the Notifications