ত্রিপুরা পুলিশের সঙ্গে বিতর্কে অভিষেক, গ্রেফতারির প্রতিবাদে থানায় অবস্থান তৃণমূলের
ত্রিপুরা পুলিশের সঙ্গে বিতর্কে অভিষেক, গ্রেফতারির প্রতিবাদে থানায় অবস্থান তৃণমূলের
ত্রিপুরায় সংগঠন বিস্তারের কাজে গিয়ে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতারা। তাঁদের ছাড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার খোয়াই থানায় অবস্থান করলেন। অভিষেক যখন থানায় অফিসারদের সঙ্গে কথা বলছেন, তখন বিজেপি কর্মীরা থানা ঘিরে রয়েছেন। তাঁদের জমায়েত নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

থানা ঘিরে রাখা বিজেপিকর্মীদের গ্রেফতার দাবি
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, থানা ঘিরে রাখা গেরুয়া শিবিরের কর্মীদের যতক্ষণ না গ্রেফতার করা হচ্ছে এবং তাঁদের যুব নেতাদের ছাড়া হচ্ছে তিনি থানা থেকে উঠবেন না। কাদের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের যুবনেতাদের গ্রেফতার করা হয়েছে, তাও জানতে চান অভিষেক।

২০০০ বিজেপিকর্মী জড়ো হয়েছে তাতে মহামারী আইন ভঙ্গ নয়
কুণাল ঘোষ, দোলা সেন, ব্রাত্য বসুরা বলেন, বাইরে ২০০০ বিজেপি কর্মী জড়ো হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গো-ব্যাক ধ্বনি তুলছেন, তাতে মহামারী আইন ভঙ্গ হচ্ছে না, আর ১৪ জন তৃণমূল নেতা এক জায়গায় জড়ো হয়ে মহামারী আইন ভঙ্গ করল? অভিষেক পুলিশের উদ্দেশে বলেন, মনে রাখবেন আপনার বুকে অশোক স্তম্ভের ব্যাচ পরা আছে, পদ্মফুলের প্রতীক নেই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়-পুলিশ কথা কাটাকাটি
রবিবার আগরতলা বিমানবন্দরে নেমে সটান খোয়াই থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ধৃত তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন। তারপর পুলিশ অফিসারদের সঙ্গে আলোচনায় বসলেন। কিন্তু আলোচনার নামে তর্কাতর্কি বাধে পুলিশের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়।

ত্রিপুরার পুলিশকে নিরপেক্ষ হয়ে কাজের আহ্বান
অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, কুণাল ঘোষ ও দোলা সেনরা দাবি করেন, মহামারী আইনে গ্রেফতার করা হয়েছে। কোনও অভিযোগ ছাড়াই এই গ্রেফতার করা হয়েছে। তারপর মিথ্যা মামলা সাজানো হচ্ছে। অযথা কিছু ধারা যুক্ত করা হচ্ছে। তার প্রতিবাদে এদিন থানায় অবস্থান করে প্রতিকার চান। ত্রিপুরার পুলিশকে নিরপেক্ষ হয়ে কাজের আহ্বান জানান।

ত্রিপুরার ঠুঁটো পুলিশ হাত গুটিয়ে বসে আছে
তৃণমূলের দাবি, অবিলম্বে তৃণমূলের ১৪ জনকে ছাড়তে হবে। আর যাঁরা প্রকৃতই মহামারী আইন ভঙ্গ করছেন, তাঁদের গ্রেফতার করতে হবে। বাইরে বিজেপি কর্মীরা জমায়েত হয়েছে। তাঁরা অভিষেক গো ব্যাক স্লোগান দিচ্ছেন আর থানা ঘেরাও করে আছেন। ত্রিপুরার ঠুঁটো পুলিশ হাত গুটিয়ে বসে আছে। একজনকেও গ্রেফতার করতে পারছে না।

অবিলম্বে তৃণমূল নেতানেত্রীদের মুক্তির দাবিতে অবস্থান
অভিযোগ, শনিবার ত্রিপুরার আমবাসায় তৃণমূল যুব নেতাদের উপর হামলা করে বিজেপি। দেবাংশু-সুদীপ-জয়াদের লক্ষ্য করে ইট ও পাথর বৃষ্টি করা হয়। যাঁদের আক্রান্ত হতে হল, তাঁদেরকেই আবার রবিবার গ্রেফতা করা হয় মহামারী আইনে। এই ঘটনায় ধৃত তৃণমূল নেতানেত্রীদের পাশে দাঁড়াতে তড়িঘড়ি ত্রিপুরায় ছোটেন অভিষেক। অভিষেকের নেতৃত্বে কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনারা খোয়াই থানায় অবস্থান করে দাবি জানাচ্ছে অবিলম্বে তাঁদের নেতানেত্রীদের মুক্তি।












Click it and Unblock the Notifications