এক মাসে তৃতীয় ট্রেন দুর্ঘটনা, এবার বেলাইন শক্তিপুঞ্জ এক্সপ্রেস, হতাহতের খবর নেই
উত্তরপ্রদেশের শোনভদ্র জেলার ওবরা ড্যামের কাছে লাইনচ্যুত হয়ে আপ হাওড়া- জবলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের সাতটি কামরা, তবে হতাহতের কোনও খবর নেই ।
উৎকল এক্সপ্রেস, কৈফিয়ত এক্সপ্রেসের পর এবার বেলাইন হল শক্তিপুঞ্জ এক্সপ্রেস। ঘটনাস্থল এবারও উত্তরপ্রদেশ। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ উত্তরপ্রদেশের শোনভদ্র জেলার ওবরা ড্যামের কাছে লাইনচ্যুত হয়ে আপ হাওড়া- জবলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের সাতটি কামরা। তবে হতাহতের কোনও খবর নেই বলেই রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে বেলাইন হওয়া ৭টি কামরা বাদে অন্যান্য বগিগুলিতে বাকি যাত্রীদের তুলে সাড়ে সাতটার মধ্যে রওনা হয়ে যায় ট্রেনটি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাটি যখন ঘটে তখন ট্রেনটির গতি ছিল ঘন্টায় ৪০ কিমি, যার ফলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দুর্ঘটনার ঘন্টা দুয়েকের মধ্যেই বেলাইন হওয়া বগিগুলি সরিয়ে ও রেল ট্র্যাক মেরামতি করে ফেলা হয়। ওই লাইন দিয়ে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের।

গত একমাসের মধ্যে এই নিয়ে তৃতীয় ট্রেন দুর্ঘটনা ঘটল। এবং কাকতালীয়ভাবে তিনটি দুর্ঘটনাই ঘটেছে উত্তরপ্রদেশে। এরমধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা গত ১৯শে অগাস্ট উৎকল এক্সপ্রেস দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছিল। দিন তিনেকর পরেই বেলাইন হয় কৈফিয়ত এক্সপ্রেস, তাতেও সত্তরের বেশি মানুষ আহত হন। দুটি দুর্ঘটনার নৈতিক দায় নিয়ে পদত্যাগও করতে যান তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সেসময় অবশ্য তাঁকে নিরস্ত করলেও দিন কয়েক পরেই মন্ত্রিসভার দৃরদবদল ঘটিয়ে রেলমন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হয় পীযূষ গোয়েলের হাতে।












Click it and Unblock the Notifications