West Bengal: ৫ বছরে বাংলায় ঝাঁপ বন্ধ ২,২০০-রও বেশি সংস্থার! রাজ্য ছাড়ার কারণ জানেন?
Unemployment: গত পাঁচ বছরে বাংলা (West Bengal) থেকে ২,২০০টিরও বেশি সংস্থা পাততাড়ি গুটিয়ে চলে গিয়েছে। রাজ্যসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য জানালেন কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী হর্ষ মলহোত্রা (Harsh Malhotra)। ওই কোম্পানিগুলির মধ্যে আবার ৩৯টি শেয়ার বাজারে নথিভুক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বাংলায় শিল্পের করুণ দশা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। রাজ্যসভায় এনিয়ে প্রশ্ন তোলেন বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তারই প্রত্যুত্তরে ওই তথ্য জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তথ্য সামনে আসতেই রাজ্যসভায় হইচই তৃণমূলের (TMC)। বিজেপি সাংসদের প্রশ্ন পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ তৃণমূলের। রাজ্যসভায় বিজেপিকে বাংলা বিরোধী বলেও নিশানা রাজ্যের শাসকদলের।

সংসদে মলহোত্রা জানান, একাধিক কারণ দেখিয়ে রাজ্য ছেড়েছে ওই কোম্পানিগুলি। সেই কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে প্রশাসনিক অসহযোগিতা। সুষ্ঠুভাবে কোম্পানিগুলির পরিচালনায় রাজ্যের প্রশাসন বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে জানিয়েছে সংস্থাগুলি। যার জেরে ব্যয় সংকোচও সম্ভব হচ্ছিল না এরাজ্যে। উন্নত প্রশাসনিক সহায়তার আশাতেই রাজ্য ছেড়েছে তারা।
উৎপাদন ক্ষেত্র, ফিনান্স, কমিশন এজেন্সি ও ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠান ঝাঁপ বন্ধ করেছে পশ্চিমবঙ্গে। ১৯৭০ সাল পর্যন্ত মহারাষ্ট্রের পর একমাত্র পশ্চিমবঙ্গেই রেজিস্টার্ড কোম্পানির সংখ্যা সবচেয়ে বেশি ছিল। কিন্তু ২০২১ সালে সেই নিরিখে অষ্টম স্থানে গিয়ে ঠেকেছে বাংলা। তবে স্থান ধরে রেখেছে মহারাষ্ট্র। কলকাতাকে পেছনে ফেলে বিভিন্ন সংস্থার অগ্রাধিকারে জায়গা করে নিয়েছে মুম্বই।
যদিও এই অবনমনের দায় পূর্বতন বাম সরকারের দিকেই ঠেলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বাম জমানায় শিল্প বিরোধী মনোভাবের কারণে এই দশা বলে দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র সাকেত গোখলের (Saket Gokhale)।
বিজেপি বাংলাকে নিচু দেখানোর মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তাঁর। নতুন কত কোম্পানি নথিভুক্ত হয়েছে, সেই পরিসংখ্যানও পেশ করার দাবি তুলেছেন গোখলে। সংসদে অর্ধসত্য পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল সাংসদের।












Click it and Unblock the Notifications