জি–৭ সম্মেলনে করোনার থাবা, ভার্চুয়ালি বৈঠক করবেন জয়শঙ্কর, টুইটে বার্তা বিদেশ মন্ত্রীর
জি–৭ সম্মেলনে করোনার থাবা
ব্রিটেনে গিয়ে কোভিড আক্রান্ত হলেন জি৭ সম্মেলনের ভারতীয় দুই প্রতিনিধি। এই দলের নেতৃত্বে ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জানা গিয়েছে তিনি সহ গোটা টিম এখন সেল্ফ আইসোলেশনে রয়েছে। টুইটে এই খবর নিশ্চিত করেন জয়শঙ্কর।

টুইটারে এই খবরের সত্যতা জানিয়ে জয়শঙ্কর জানান যে পরবর্তী যাবতীয় কর্মসূচি ভার্চুয়ালি হবে। জয়শঙ্কর এদিন বলেন, 'মঙ্গলবারই করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। দুই প্রতিনিধির চিকিৎসা চলছে। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদের সেল্ফ আইসোলেশনে রাখা হয়েছে। কেউই সরাসরি সম্মেলনে যোগ দেবে না। ভার্চুয়াল পদ্ধতিতে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ চলবে।’
রিপোর্টে জানা গিয়েছে, ভারতীয় প্রতিনিধির দুই সদস্যের মঙ্গলবার করোনা পজিটিভ ধরা পড়ে এবং পরবর্তী টেস্ট রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। সোমবারই ব্রিটিশ বিদেশ সচিব ডোমিনিক রাবের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্রিটেনে পৌঁছেছেন এস জয়শঙ্কর। চার দিনের সফরসূচি ছিল তাঁর। এই সফরে জি-৭ সম্মেলনে বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে একাধিক কর্মসূচি ছিল জয়শঙ্করের। জি-৭ সম্মেলনের অংশ না হলেও, ভারতীয় প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়ে ছিল ব্রিটেন। এই সম্মেলনে যোগ দিয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াও।












Click it and Unblock the Notifications