রাস্তায় হয়ে গিয়েছে নদী, হাওড়ায় ফিরল পুরনো জলছবি
বৃহস্পতিবারের বৃষ্টিতে ফিরে এল হাওড়ার পুরনো জলছবি। রাস্তা, আশপাশে এলাকা জলে ডুবে গিয়েছে। দীর্ঘ সড়ক পথ যেন হয়ে গিয়েছে নদী। হাঁটুর উপর থাকা জলে যাতায়াত করছেন সাধারণ মানুষ জন। স্কুলের পড়ুয়াদেরও একই ভোগান্তিতে পড়তে হয়েছে।
নিম্নচাপের বৃষ্টিতে বেহাল অবস্থা হাওড়ার বামুনগাছির। হাওড়া পুরসভার ৭ নং ওয়ার্ডের অধীন এই রাস্তা এখন কার্যতই বানভাসি। বুধবার মধ্য রাত থেকেই নাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া সহ গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি৷ বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেল রাস্তা হয়ে গিয়েছে নদী৷

জমা জলে এক দুর্বিসহ অবস্থা। আশপাশের পুকুরের জলও রাস্তায় উঠে এসেছে। ফলে রাস্তার উপরেই ভাসছে প্রচুর পরিমাণে কচুরিপানা। জল, কচুরিপানা ঠেলে পড়ুয়াদের এদিন যেতে হয়েছে স্কুলে। রাস্তায় অনেক জায়গাতেই খানাখন্দ। জল জমা রাস্তায় পড়ে গিয়ে যে কোনও সময় বড় অঘটন, দুর্ঘটনা ঘটতে পারে। সেই আশঙ্কাও করা হচ্ছে।
রাস্তার পাশেই রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি স্কুল। একদিনের বৃষ্টিতেই এই রাস্তার এই করুণ দশা। জলে ভাসছে গোটা এলাকা। স্কুলের ছাত্রছাত্রীরা তো বটেই সাধারণ মানুষেরও জমা জলে দুর্বিসহ অবস্থা।
ওই রাস্তায় যথেষ্ট পরিমাণে যান চলাচল করে। জমা জলে গাড়ি আটকে যেতেও দেখা গিয়েছে।
সাধারণ মানুষের অভিযোগ, জল নিকাশির স্থায়ী কোনও সমাধান হয় না। ফলে পরিস্থিতি আরও বেহাল হয়েছে। প্রতি বছরই একই ছবি দেখা যাচ্ছে বৃষ্টিতে। জমা জলে যাতায়াত করতে বিরক্ত এলাকার সাধারণ মানুষ। জমা জলে বিদ্যুৎবাহী তার পড়ে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা অতীতে হয়েছে হাওড়ায়। ফলে সেই আতঙ্ক তাড়া করে বেড়ায় সাধারণ মানুষের মধ্যে।
হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, জল নামানোর কাজ চলছে। আগে ওই রাস্তায় আরও বেশি জল হত। এখন সেই পরিমাণ জল জমে না। পাম্প চালিয়ে জল নামানোর কাজ চলছে। প্রয়োজনে সারা রাত পাম্প চলবে।












Click it and Unblock the Notifications