তৃণমূলে থাকাকালীন CAA এর হয়ে গলা ফাটিয়েছিলেন বিজেপির রথীন: সব্যসাচী
Lok Sabha Election 2024: তৃণমূল কংগ্রেস পরিচালিত হাওড়া পুরবোর্ডের তৎকালীন মেয়র থাকাকালীনই 'CAA' লাগু করার কথা বলেছিলেন ডা: রথীন চক্রবর্তী। শনিবার দুপুরে হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন হাওড়া সদরের বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। বর্তমানে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী।
দলবদল নিয়েও এদিন তাঁকে একহাত নেন তরুণ এই বাম প্রার্থী। আর এহেন অভিযোগ নিয়ে সরগরম হাওড়ার রাজনীতি। যদিও এই বিষয়ে রথীন চক্রবর্তীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল একদিকে সিএএ অর্থাৎ ক্যা নিয়ে প্রকাশ্যে সরব হচ্ছে। কিন্তু ভিতরে ভিতরে বিজেপির সঙ্গেই তারা রয়েছে বলে দাবি। শুধু তাই নয়, সব্যসাচীর আরও অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে টাকা দিয়ে বিজ্ঞাপন সংস্থার বোর্ড ভাড়া করে নারী সুরক্ষা নিয়ে "মহিলা আত্মরক্ষা সমিতি", এবং "মহিলা আত্মমর্যাদা কেন্দ্র" সম্বলিত সিপিএম বিজ্ঞাপন দিয়েছিল।
কিন্তু খোলাতে বিজ্ঞাপন সংস্থাকে হুমকি ও চাপ তৃণমূল কংগ্রেস দিচ্ছে। এবং সেই বিজ্ঞাপন জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি বামনেতার। এই বিষয়ে কমিশনের দ্বারস্থ তাঁরা হবেন বলে জানিয়েছেন। সব্যসাচীর দাবি, এমন ঘটনা ঘটেছে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল চত্বরে। এনিয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব-সহ স্থানীয় ক্লাব সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তোলেন সব্যসাচী। এছাড়া বেলুড়ের কেদারনাথ মাল্টি-স্পেশালি হাসপাতালের দূরাবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বলে রাখা প্রয়োজন, লোকসভা ভোটের মুখে সিএএ বিজ্ঞপ্তি জারি করেছে মোদী সরকার। সেই মতো দেশজুড়ে জারি হয়েছে নয়া এই আইন। যদিও সিএএ নিয়ে মোদী সরকারকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাংলায় তা কার্যকর হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। যা নিয়ে জোর বিতর্ক।
বলে রাখা প্রয়োজন, পঞ্চম দফায় আগামী ২০ মে নির্বাচন রয়েছে হাওড়া লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024)। একই সঙ্গে ভোট হবে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর,উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং হুগলি লোকসভা কেন্দ্রে। তবে হাওড়া লোকসভা কেন্দ্র এবার খুব গুরুত্বপূর্ণ। একদিকে বাম প্রার্থী সব্যসাচী, অন্যদিকে রথীন চক্রবর্তী এবং তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications