Lok Sabha Election: 'আপনার সঙ্গেও হতে পারে,' কাঞ্চনের সঙ্গে রচনা জড়িয়ে একী কাণ্ড
Lok Sabha Election 2024: 'কাঞ্চনের সঙ্গে যা হয়েছে, আগামীতে আপনার সঙ্গেও হতে পারে"। এই বাংলায় শিল্পীদের কোনও দাম নেই। তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সাবধান করে পড়ল পোস্টার। হুগলি লোকসভা কেন্দ্রের চুঁচুড়ার বিভিন্ন জায়গায় আজ শুক্রবার সকাল থেকে এমনই পোস্টার দেখা যায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
তবে এমন পোস্টার কে দিল তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। কে বা কারা এই পোস্টার লাগালো তাও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার প্রচারের সময় গাড়ি থেকে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চনকে মল্লিক নামিয়ে দেন শ্রীরামপুরের তৃণমুল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এবার সেই বিষয়টিকে তুলে ধরেই তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে সাবধান করে চুঁচুড়ায় পড়ল পোস্টার। হুগলি লোকসভা কেন্দ্রের চুঁচুড়ার বিভিন্ন জায়গায় পোস্টার পরে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে।
তাতে লেখা হয়, "আজকে কাঞ্চনের সঙ্গে হয়েছে আগামীতে আপনার সঙ্গেও হতে পারে" ( দিদি নম্বর ওয়ান)। এই বাংলায় শিল্পীদের কোন দাম নাই। নিচে লেখা জয় বাংলা। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, সব শিল্পীর সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয়। তবে কাঞ্চনের ক্ষেত্রে কি পরিস্থিতি হয়েছিল সেটা আমার জানা নেই, তাই বলতে পারব না। আমার সঙ্গেও হতে পারে এই মর্মে যদি পোস্টার পড়ে থাকে, আমি বলব আমার সঙ্গে এখনো হয়নি। এই পোস্টার স্থানীয় বিজেপি নেতারাই লাগিয়েছে বলে দাবি তৃণমূলের। যদিও তা বিজেপির তরফে অস্বীকার করা হয়েছে।
এই প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, কয়েকদিন আগেই বলাগড়ে বিধায়ককে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। আবার শ্রীরামপুরে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো। আমরা বিজেপিরা বলতাম তৃণমূলে শিল্পী সাহিত্যিকদের সম্মান নেই। আর এখন তৃণমূলের লোকজনই পোস্টার মেরে সেটা জানিয়ে দিচ্ছে বলে কটাক্ষ বিজেপি নেতার।












Click it and Unblock the Notifications