ডাকাত দলের মাস্টার মাইন্ড, ডোমজুড়ের ডাকাতির পরিকল্পনাও তার? চাচির কথা জানলে অবাক হবেন
নিতান্ত সাধারণ চেহারা। পুলিশের গাড়ি থেকে নামার সময় যেন ভয়ে কুঁকড়ে রয়েছেন। তিনি কিছুই জানেন না। তিনি চাষের কাজ করেন। এ কথাই বললেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। বিহার থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে আশা দেবীকে। হাওড়া ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতিতে তিনি অন্যতম অভিযুক্ত।
পুলিশের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, তা রীতিমতো চমকে ওঠার মতো৷ কারণ, এই আশা দেবী বিহারের ডাকাতের গ্যাংয়ের অন্যতম সদস্য। তিনি নিজেই এই গ্যাংয়ের গুরুদায়িত্ব পালন করেন। ডাকাতদের কাছে তিনি 'চাচি' নামে পরিচিত। এই চাচিকে ঘিরে এখন রহস্যের জাল ঘনীভূত।

বছর ৪৯ বয়স আশা দেবী ওরফে চাচির। বিহারের সমস্তিপুর এলাকায় তার বাড়ি। বিহারে তিনি কোনও অপরাধচক্রের সঙ্গে জড়িত নন। বিহার পুলিশের কাছে তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। কিন্তু একাধিক রাজ্যে এই চাচির বিরুদ্ধে অভিযোগ শোনা গিয়েছে।
গত মাসের ১১ তারিখ হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ ডাকাতি হয় সোনার দোকানে। পুলিশ তদন্ত নেমে আন্দাজ করে বিহারের গ্যাং এই কাজের সঙ্গে জড়িত। এরপর তদন্তের স্বার্থে হাওড়া পুলিশ বিহারে যায়। সেখানে প্রচুর অনুসন্ধান, তদন্তের পর চাচির কথা জানা যায়৷
সুবোধ সিংয়ের দলে এক সময় তারা কাজ করত। পরবর্তী কালে সেই গ্যাং ছেড়ে নিজের দল তৈরি করেন চাচি। ডাকাতের পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা চাচির মাথায় সব সময় তৈরি হয়। কোন রাস্তা দিয়ে কোথায় ডাকাতি করতে যাওয়া হবে? কোন দোকানে কখন ডাকাতি হবে? কী ভাবে ডাকাতি করে ফেরা হবে? পুলিশের চোখে কীভাবে ধুলো দিতে হবে? সেই সব কিছুই চাচি ঠিক করে দিত।
ডোমজুড়ের ডাকাতির ঘটনাতেও চাচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানেও ডাকাতির পরিকল্পনার মাস্টারমাইন্ড এই আশা দেবী। এ কথাই পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
চাচি ডাকাতের পরেও সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিতেন চাচি। ডাকাতরা কোথায় গা ঢাকা দেবে? ডাকাতের জিনিস কোথায় জমা হবে? সোনার গয়না সহ অন্যান্য লুটের মাল কোথায়, কীভাবে কত টাকায় বিক্রি হবে? এই সব কিছুই চাচি নিয়ন্ত্রণ করতেন। শেষ পর্যন্ত হাওড়া পুলিশের হাতে ধরা পড়ে গেলেন এই মহিলা।
হাওড়া আদালতে আজ বৃহস্পতিবার তাকে তোলা হয়। তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। ডাকাতদের কাউকেই তিনি চেনেন না। একথা সাংবাদিকদের বলেন। চোখে মুখে তার ভয়ের ছাপ।












Click it and Unblock the Notifications