গুদামের ভিতরে ঘুমিয়ে ছিলেন শ্রমিকরা, ছাদ ভেঙে মর্মান্তিক ঘটনা হাওড়ায়
মর্মান্তিক ঘটনা হাওড়ার ঘুসুরি এলাকায়। রাতে গুদামের মধ্যে শ্রমিকরা ঘুমাতে গিয়েছিলেন। ভোরবেলায় হুড়মুড় করে ভেঙে পড়ে সেই গুদামের ছাদ। ভয়াবহ শব্দে ছুটে গিয়েছিলেন আশপাশের বাসিন্দারা। পুলিশ ও দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়।
হাওড়ার মালিপাঁচঘড়ার জেএন মুখার্জি রোডের ঘটনা। গুদাম ঘরের ছাদ ভেঙে মর্মান্তিক মৃত্যু হল চার জনের। গভীর ঘুমের ঘোরে ছিলেন তারা। ঘুমের মধ্যেই চলে গেল প্রাণ। ওই গুদামটি ছাঁট গেঞ্জি কাপড়ের। নয় জন শ্রমিক ভিতরে ঘুমাচ্ছিলেন বলে খবর৷

প্রতিদিনের মতো রাতের খাওয়াদাওয়া সেরে শ্রমিকরা ঘুমাতে গিয়েছিলেন। ভোর সাড়ে চারটে নাগাদ ওই মর্মান্তিক ঘটনা ঘটে। উপরের অংশ ভেঙে পড়ায় চাপা পড়েন শ্রমিকরা৷ জানা গিয়েছে, কোনও রকমে পাঁচ জন শ্রমিক নিজেদের বাঁচিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। বাকিরা ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকেন।
মালিপাঁচঘড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। দমকল বাহিনীও সেখানে পৌঁছায়৷ শুরু হয় উদ্ধারকাজ। পাথরের চাঁই সরিয়ে একে একে বাকিদের বার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে জানা গিয়েছে, চার জনই ওই ঘটনায় মারা গিয়েছেন। মৃতরা হলেন, পিন্টু রাম, মুকেশ রাম, ভোলা যাদব, রাজু মাহাতো।
ওই গুদাম ঘরটি বহু দিনের পুরনো৷ সেখানে রক্ষণাবেক্ষণ হত না। তেমনই আন্দাজ করা হচ্ছে৷ ভিতরে প্রচুর জিনিসপত্র বোঝাই করে রাখা হয়েছিল৷ তাও দেখা গিয়েছে। সিটি পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করছে। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও গিয়ে উদ্ধারকাজে হাত লাগান। একাংশের ছাদ ভেঙে পড়েছে। বৃষ্টির পর ওই গুদাম বিপজ্জনক হয়ে পড়েছে। এই কথা জানা গিয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই গুদামটি আগামীতে ভেঙে ফেলা হতে পারে। আপাতত জায়গাটি ঘিরে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications