২০ তারিখ ভোট দেবেন না, হাওড়ায় হুমকি তৃণমূল বিধায়কের! কমিশনে বিজেপি?
উত্তরবঙ্গ পেরিয়ে ভোটের উত্তাপ দক্ষিণবঙ্গে চলে এসেছে। আগামী ২০ মে হাওড়া জেলায় লোকসভা নির্বাচন। আর এবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল খোদ তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই। ওই দিন ভোট দিতে যাবেন না। এমনই হুমকি তৃণমূল বিধায়ক দিয়েছেন। অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।
হাওড়ায় জোর প্রচার চলছে। তীব্র দাবদাহ সত্ত্বেও প্রচার করছেন তৃণমূল, বিজেপি প্রার্থীরা। গতকাল মঙ্গলবার হাওড়ায় সভা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রোড শোও করেছেন। বিজেপিকে চোখে সর্ষে ফুল দেখানোর বার্তা দিয়েছেন।

এই অবস্থায় এবার তৃণমূল বিধায়কের উপরেই হুমকির অভিযোগ উঠল। উত্তর হাওড়ার গোলাবাড়িতে একটি বহুতল আবাসনে দলবল নিয়ে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। আবাসিকদের আগামী ২০ তারিখ ভোট দিতে না যাওয়ার হুমকি দিয়েছেন তিনি। এই অভিযোগ করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ উঠল। রীতিমতো বাসিন্দাদের ভোট না দিতে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগ, রবিবার রাতে কয়েকশো কর্মী নিয়ে আবাসনে ঢুকে হুমকি দেন বিধায়ক। তাঁকে না কী বলতে শোনা যায়, " আগামী ২০ তারিখ ভোট দিতে না গেলে আমি বুঝব আপনারা আমাকে ভোট দিলেন।"
বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, " তৃণমূলের প্রার্থীর মনোনয়ন পেশের আগে থেকেই বিধায়ক উত্তর হাওড়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। মানুষকে ভয় দেখাচ্ছেন। উনি কয়েকশো লোক নিয়ে রবিবার রাতে গোলাবাড়ির একটি আবাসনে ঢুকে পড়েন। উনি ভোটারদের হুমকি দেন ২০ তারিখ ভোট দিতে যাবেন না। বাড়ি থেকে বেরোবেন না। এই নিয়ে আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন এবং হাওড়ার পুলিশ কমিশনারকে অভিযোগ জানাচ্ছি।"
এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিধায়ক গৌতম চৌধুরী। তিনি বলেন, " ভোট চাওয়ার অধিকার একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা ভোট চাইতে গিয়েছি। সব বুথেই ভোট চাইতে যাচ্ছি। আমি বলেছি, গরম খুব পড়বে তো। গরমটাকে একটু বাঁচিয়ে চলুন। "












Click it and Unblock the Notifications