২৪ তারিখ পর্যন্ত ছয় দিন হাওড়ার সব লঞ্চ ঘাট বন্ধ, প্রবল হয়রানি যাত্রীদের
নজিরবিহীন ঘটনা। একসঙ্গে সবকটি লঞ্চ বন্ধ করে দেওয়া হল দিন কয়েকের জন্য। ফিটনেস সার্টিফিকেট নেই। সেই কারণে এই সিদ্ধান্ত। এর ফলে হাওড়ার সব ঘাট থেকে কলকাতা আসার লঞ্চ পরিষেবা বন্ধ থাকছে। আজ ১৯ ডিসেম্বর থেকে এই পরিষেবা বন্ধ করা হল।
লঞ্চগুলি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরেই ফের লঞ্চ পরিষেবা চালু হবে। এই কথা জানা যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত আপাতত এই লঞ্চ পরিষেবা বন্ধ থাকছে। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

হাওড়ার লঞ্চ ঘাটগুলি আজ মঙ্গলবার সকাল থেকেই তালা বন্ধ। বাইরে নোটিশ ঝুলছে। সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে প্রবল সমস্যায় পড়েছেন। কয়েক হাজার যাত্রী সকালে গঙ্গা পেরিয়ে অফিস যান। রাতে আবার একই পথ ধরে বাড়ি ফেরেন। হঠাৎ করে সম্পূর্ণ পরিষেবা বন্ধ করে দেওয়া হল। ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা।
এই পরিবহন পথে ১১ টি লঞ্চ চলাচল করে। সবকটিই কি এই মুহূর্তে চলাচলের অযোগ্য? এই প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, পাঁচটি লঞ্চের ফিটনেস সার্টিফিকেট সোমবার শেষ হয়েছে। মঙ্গলবার আরও দুটি সার্টিফিকেট শেষ হবে। মাত্র চারটি লঞ্চ থাকবে। এই সীমিত সংখ্যক লঞ্চ দিয়ে যাত্রী পরিষেবা সামলানো যাবে না। সেই কারণেই আগামী ছয় দিন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এমনই জানা গিয়েছে।
মঙ্গলবার থেকে কলকাতা হাওড়ার সমস্ত লঞ্চ পরিষেবা বন্ধ থাকছে। যাত্রীদের মধ্যে খুব সমস্যা দেখা দিয়েছে। সোমবার রাত পর্যন্ত যাত্রীরা ফেরিঘাট দিয়ে যাতায়াত করেছেন। তখনও আগাম কোনও বার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ। কর্মীদের থেকেও কোনও কথা শোনা যায়নি। মঙ্গলবার সকালে দেখা যায় একটি সাদা কাগজে নোটিশ লাগানো রয়েছে।
অফিসের সময় ঘুরপথে এখন যাতায়াত করতে হবে। কর্মব্যস্ত দিনে অত্যন্ত সমস্যাজনক এই ঘটনা। সব লঞ্চ কেন একসঙ্গে বন্ধ করা হবে? কেন আগে থেকে ফিটনেস সার্টিফিকেটের জন্য লঞ্চগুলিকে পরীক্ষা করা হল না? সেই প্রশ্ন তুলছেন যাত্রীরা। লঞ্চ চালানোর কাজে যুক্ত থাকা কর্মীরা এই বিষয়ে মুখ খুলছেন না।
তারাও একইভাবে সকালে এসে দেখেছেন পরিষেবা বন্ধ রয়েছে। ২৪ তারিখ পর্যন্ত টানা ছয় দিন বন্ধ থাকবে পরিষেবা। কিন্তু তারপর কি এই পরিষেবা চালু হবে? যদি লঞ্চ নতুন করে ফিটনেস সার্টিফিকেট না পায়? তাহলে কী হবে? তাই নিয়েও ধোঁয়াশা থাকছে। অর্থাৎ ২৫ ডিসেম্বর থেকে এই পরিষেবা পাওয়া যাবে কী না তাই নিয়েও সন্দেহ রয়েছে।












Click it and Unblock the Notifications