Women's World Cup: মহিলাদের বিশ্বকাপে ইতিহাস স্পেনের, সবচেয়ে বেশিবার খেতাব জিতেছে কারা?
Women's World Cup: মহিলাদের ফুটবল বিশ্বকাপ পেল নতুন চ্যাম্পিয়ন। ইংল্যান্ডের কাছে ট্রফি রইল অধরা। ১-০ গোলে ব্রিটিশ বধ সেরে বিশ্বকাপ খেতাব জয় নিশ্চিত করল স্পেনের প্রমীলা বাহিনী। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হলো এবারের মহিলা ফুটবল বিশ্বকাপ।
এই প্রথম একযোগে দুটি দেশ মিলে মহিলাদের বিশ্বকাপ আয়োজন করল। আগে মহিলাদের বিশ্বকাপ হতো ২৪টি দল নিয়ে। এবার থেকে বিশ্বকাপে অংশ নিল ৩২টি দল।

মহিলাদের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সফলতম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৯১, ১৯৯৯, ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইউএসএ। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ব্যর্থ হলেও আগের আটটি বিশ্বকাপে তারা অন্তত সেমিফাইনাল খেলেছিল। ২০০৩ ও ২০০৭ সালে পরপর দুটি মহিলা বিশ্বকাপের সংস্করণে সেরার শিরোপা পেয়েছিল জার্মানি।

১৯৯১ সালের মহিলা ফুটবল বিশ্বকাপ খেতাব জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। রানার-আপ হয়েছিল নরওয়ে। তৃতীয় স্থান পেয়েছিল সুইডেন। ১৯৯৫ সালের বিশ্বকাপে নরওয়ে খেতাব জেতে, রানার-আপ হয় জার্মানি, তৃতীয় স্থান পায় মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৯৯ সালের মহিলা বিশ্বকাপে খেতাব দখল করে মার্কিন যুক্তরাষ্ট্র। রানার-আপ হয় চিন, ব্রাজিল হয়েছিল তৃতীয়।
২০০৩ সালের মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় জার্মানি, রানার-আপ সুইডেন, তৃতীয় স্থান পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০০৭ সালের বিশ্বকাপেও জার্মানি চ্যাম্পিয়ন হয়, ব্রাজিল হয়েছিল রানার-আপ, তৃতীয় স্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১১ সালের মহিলা ফুটবল বিশ্বকাপ জয়ের স্বাদ পায় জাপান। ফাইনালে হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। তৃতীয় হয় সুইডেন।
২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালে জাপানকে হারিয়ে খেতাবের দখল নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেবার তৃতীয় হয়েছিল ইংল্যান্ড। ২০১৯ সালের বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র খেতাব ধরে রাখে। ফাইনালে পরাস্ত হয়েছিল নেদারল্যান্ডস। সুইডেন পেয়েছিল তৃতীয় স্থান। এবারের বিশ্বকাপে স্পেন হলো চ্যাম্পিয়ন। রানার-আপ ইংল্যান্ড, সুইডেন এবারও তৃতীয় স্থান অধিকার করেছে।












Click it and Unblock the Notifications