মোহনবাগানে কী হবে জনি কাউকোর ভবিষ্যত? ফিনল্যান্ডের তারকা ফুটবলারকে কী রেখে দেওয়া হবে নাকি ছেড়ে দেবে ঠিক ম্যানেজমেন্ট? এমনিতেই মোহনবাগানের বিদেশী ব্রিগেডে শক্তিশালী। তার উপর আসন্ন মরসুমে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার কামিন্সকে সই করানোর উদ্যোগ নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এই পরিস্থিতিতে কিছুটা অনিশ্চয়তার মধ্যেই রয়েছে জনির ভবিষ্যৎ? গত মরসুমে মাঝপথে এসিএল ইনজুরি হয়েছিল জনির। দেশে ফিরে গিয়ে অস্ত্রোপচার করান বাগানের তারকা বিদেশি। এরপর আইএসএল ফাইনালের আগে দলের সঙ্গে যোগ দেন জনি। তবে এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। এখনও রিহ্যাব চলছে।
বাগান টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর জনির পুরোপুরি ফিট হতে এখনও কয়েক মাস সময় লাগবে। জনি যা পারফরম্যান্স তাঁকে কোনভাবেই ছেড়ে দিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাঁর ফিটনেসের দিকটা ভাবাচ্ছে বাগান থিঙ্ক ট্যাঙ্ককে।
এই পরিস্থিতি জনিকে রিজার্ভ বিদেশি হিসাবে রেখে দেওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে। মরসুমের মাঝপথে ট্রান্সফার উইন্ডো খুললে কোনও ফুটবলারের পারফরম্যান্স খারাপ করলে তাঁর পরিবর্তে জনিকে দলে নেওয়া হতে পারে। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আগেই জানিয়েছিলেন, জনিকে ফিট প্রমাণ করতে হবে নিজেকে।
ব্রেন্ডন হ্যামিল এবং স্লাভকোর মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে স্লাভকো নিজেই দল ছেড়ে দিতে পারেন। ইতিমধ্যেই দল ছেড়েছেন তিরি। ফলে রক্ষণ নিয়ে কিন্তু নতুন করে ভাবনা চিন্তা করতে হবে বাগান ম্যানেজমেন্টকে।
সূত্রের খবর, দুই ডিফেন্ডার দল ছাড়লেও আসছেন এক তারকা ভারতীয় ডিফেন্ডার। গত বছরেই আনোয়ার আলির সঙ্গে চুক্তি পাকা করে ফেলেছে মোহনবাগান। আনোয়ার এলে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন প্রীতম কোটাল। প্রয়োজন বুঝে ব্রেন্ডন হামিলকেও ব্যবহার করতে পারেন কোচ জুয়ান ফেরান্দো। ফলে বিকল্প বেড়ে গেল মোহনবাগানের। শুভাশিস বোসতো আছেনই সঙ্গে দলে নেওয়া হতে পারে আকাশ মিশ্রাকে। পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারের কোটাও নষ্ট করতে হল না সবুজ-মেরুন ব্রিগেডকে।